গান থেমে গেছে, সংসার চলে কিশোর ছেলেদের আয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধর্মপাশার দৃষ্টি প্রতিবন্ধী বাউলশিল্পী নূরুজ্জামান
ছবি: প্রথম আলো

পেশায় তিনি বাউলশিল্পী। দৃষ্টি প্রতিবন্ধী। সুনামগঞ্জের ধর্মপাশার নূরুজ্জামান (৬২) গ্রামে গ্রামে গিয়ে বাউলগানের আসরে গান পরিবেশন করেন। বিনিময়ে পাওয়া টাকায় কোনো রকমে সংসার চলছিল। কিন্তু দুই বছর ধরে করোনা পরিস্থিতির কারণে কমে গেছে বাউলগানের আসর। এর প্রভাব পড়েছে নূরুজ্জামানের সংসারেও।

নূরুজ্জামানের ভাষ্য, ‘বাউলগানের আসর থাইক্যা যেই টেহা ফাই, হেই টেহায় সংসার চলে। করোনার লাইগ্যা এই আসরও অনেক কম অয়। এই অবস্থায় আয়-উপার্জনও ম্যালা কইমা গ্যাছে। আগের মতন আর কামাই অয় না।’

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা পূর্ব পাড়া গ্রামে বাড়ি নূরুজ্জামানের। জন্ম থেকে তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। বাঁ চোখে ঝাপসা দেখলেও, ডান চোখে কিছুই দেখতে পান না। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েছেন, কিন্তু ভাতা জোটেনি। নূরুজ্জামান বলেন, বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে তিনি চরম কষ্টের মধ্যে দিনযাপন করছেন।

পরিবারের নূরুজ্জামানের সাত ছেলেমেয়ে। তাদের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। বাকি তিন মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুই ছেলে কাজ করে মিষ্টির দোকানে।

নূরুজ্জামান বলেন, ‘কাম-কাজের বয়স না অইলেও, বিফদও (বিপদে) পইর‌্যা দুই ছেড়ারে (১৩ ও ১৫ বছর বয়সী ছেলে) মিষ্টির দোহানের কামও দিছি। হেরার (তাদের) আয় দিয়াই অহন কুনুরহমে টাইন্নাটুইন্না সংসার চলতাছে।’

ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুবায়ের পাশা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী বাউল শিল্পী নূরুজ্জামানের আর্থিক অবস্থা ভালো না। তিনি প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্য। তিনি যাতে ভাতা পান, সে জন্য যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

আর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, নতুন বরাদ্দ পাওয়া সাপেক্ষে ওই বাউলশিল্পীকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।