
নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মে নগরজুড়ে উদ্যাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী। সম্মিলিত নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র, ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। নানা অনুষ্ঠানে নজরুলকে নিয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছেন। তাঁর প্রতিবাদী ও অসাম্প্রদায়িক গান একটি মানবিক সমাজের স্বপ্ন দেখিয়েছে মানুষকে।
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের উদ্যোগে ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের পরিবেশনায় সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় গীতি-আলেখ্য ‘বাঁশরী ও তূর্য হাতে কবি’। টিআইসি মিলনায়তনে প্রমা অবন্তীর নির্দেশনায় এই পরিবেশনায় অংশ নেন ওডিশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের শিক্ষার্থীরা। নজরুলের কবিতা ও গানের পাশাপাশি কোলাজধর্মী নাচ পরিবেশন করেন তাঁরা ।
পরিবেশনায় অংশ নেন প্রমা অবন্তী, স্বপন বড়ুয়া, তন্বী, নিবিড়, জয়িতা, হিয়া, রিয়া, তুষি, স্মিতা, কান্তা, পারমিতা, ইমরান, মামুন, অলি, আবির, নাজমুল, শওকত, অভিজিৎ, মুন্না, সোহেল, মুনির, তানভীর, জিহাদ, ইমরান, প্রিয়তোষ, অভ্র, শর্বাণী, দিহান প্রমুখ। কোলাজ পরিবেশন শেষে নজরুলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দার।
সম্মিলিত নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদ: সম্মিলিত নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদ উদ্যোগে নগরের ডিসি হিলে নজরুল স্কয়ার মঞ্চে প্রতিবছরের মতো এবারও নজরুলজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, কুসুম ললিতকলা একাডেমি ও রাগেশ্রী। সংগীত পরিবেশনের পর নৃত্য পরিবেশন করে নটরাজ নৃত্যাঙ্গন, স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, নৃত্য নিকেতন ও পুষ্পপুট নৃত্যাঙ্গন। গান ও নাচের পর ছিল আবৃত্তি। আবৃত্তি পরিবেশন করেন প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ ও স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্রের শিল্পীরা।
চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র: চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে নগরের ডিসি হিলে ২৪ মে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে আয়োজন করা হয় সংক্ষিপ্ত কথামালার। এতে আলোচনা করেন এ বি এম ফয়েজ উল্লাহ, স্বপন কুমার দাশ, আবদুল্লাহ মজুমদার, অমর কান্তি দত্ত, হ্যাপি দাশ, উদয়ন পাল, নারায়ণ চক্রবর্তী, মোহাম্মদ মোরশেদ, বরুণ কুমার আচার্য, সৈকত চৌধুরী, নুরুল আলম, আবদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসিফ ইকবাল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ১২৩ নম্বর কক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে নজরুলজয়ন্তী উদ্যাপিত হয়।
এই উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, নজরুলের কবিতা আবৃত্তি ও নজরুলসংগীত পরিবেশিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. সৌরেণ বিশ্বাস।
এতে বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাঈদ, চবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লোকমান কবীরের পরিচালনায় এতে বক্তব্য দেন সংস্কৃত বিভাগের প্রভাষক কুশল বরণ চক্রবর্তী।