গাবতলীতে কালোবাজারে বিক্রির জন্য আনা ২১ টন সার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করে আনা ২১ হাজার কেজি (২১ মেট্রিক টন) সরকারি ইউরিয়া সার জব্দ করেছেন বগুড়ার গাবতলী উপজেলার ইউএনও
ছবি: প্রথম আলো

বগুড়ার গাবতলী উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করে আনা ২১ হাজার কেজি (২১ মেট্রিক টন) সরকারি ইউরিয়া সার জব্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নারুয়ামালা বাজারের মেসার্স খান ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ট্রাকভর্তি ওই সার জব্দ করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রওনক জাহান।

ইউএনও রওনক জাহান বলেন, আদমদীঘি উপজেলার বিসিআইসির একজন ডিলারের নামে বরাদ্দ দেওয়া ওই ২১ হাজার কেজি সার অবৈধভাবে বিক্রির জন্য বগুড়ার বাফার গুদাম থেকে গাবতলীতে পাচার করে আনা হয়। একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে ট্রাকভর্তি ওই সার জব্দ করা হয়। তিনি আরও বলেন, কৃষকের কাছে বিক্রির জন্য বরাদ্দ দেওয়া সরকারি সার কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকচালক ও সহকারী এই সার বহনকারীমাত্র। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারের সঙ্গে জড়িত অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সার পাচারের ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।