গাড়ি বন্ধ অফিস খোলায় সড়কে ভোগান্তি
ইমন সেনগুপ্ত একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক। তাঁর বাসা চট্টগ্রামের সিটি গেটের বিশ্ব কলোনি এলাকায়। আর অফিস নগরের হালিশহর এলাকায়। সাধারণত সকাল পৌনে নয়টায় বাসা থেকে বেরিয়ে সিএনজিচালিত অটোরিকশায় তিনি অফিসে যান। কিন্তু আজ পড়েন ভোগান্তিতে। এক ঘণ্টা আগে ঘর থেকে বের হয়েও রিকশা পাননি। ঘণ্টাখানিক দাঁড়িয়ে তিনি একটি রিকশায় ওঠেন। তবে ভাড়া দিতে হয় দ্বিগুণ।
ইমন সেনগুপ্ত ক্ষোভ নিয়ে প্রথম আলোকে বললেন, ‘অফিস খোলা, কিন্তু গণপরিবহন বন্ধ। অনেকক্ষণ দাঁড়িয়ে রিকশা পাই। ভাড়া গুনতে হয়েছে ২০০ টাকা। অফিসে পৌঁছাতে সময়ও লেগেছে বেশি।’
শুধু ইমন সেন নন, এ রকম হাজারো অফিসগামী মানুষ আজ সোমবার চট্টগ্রামের সড়কে নেমে ভোগান্তির মুখে পড়েছেন। করোনার সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শপিং মল, পর্যটন, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদনকেন্দ্র। তবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। আর এতেই বিপদে পড়েছেন ইমনের মতো কর্মস্থলে ছুটে যাওয়া মানুষ।
সকালের দিকে চট্টগ্রামের বিভিন্ন সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করে কোনো পরিবহন পাননি তাঁরা। দূরত্ব বেশি হলে রিকশাচালকও যেতে চাননি। নগরের এ কে খান, অলংকার, আগ্রাবাদ, বহদ্দারহাট, হালিশহর এলাকার রাস্তাগুলোতে অফিসমুখী মানুষের ঢল দেখা গেছে। বেলা বাড়তেই রাস্তায় মোটরসাইকেলের দেখা মিলেছে। তবে সংখ্যায় ছিল খুবই কম।
বেলা ২টার দিকে নগরের জিইসি এলাকায় দাঁড়িয়ে ছিলেন যতীন বড়ুয়া। তিনি যাবেন শাহ আমানত ব্রিজ এলাকায়। কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলেন না। সেখানেই কথা হয় যতীন বড়ুয়ার সঙ্গে। তিনি বললেন, তাঁর বাসা জিইসির গরীবুল্লাহ শাহ মাজার গেট এলাকায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি কাজ করেন। ওই প্রতিষ্ঠানের কাজেই তিনি শাহ আমানত ব্রিজ এলাকায় যাবেন। কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। দূরত্ব বেশি বলে রিকশাচালকও যেতে চাচ্ছেন না।
মোটরসাইকেল এলেই হুড়োহুড়ি
সরকারি নির্দেশনা অনুযায়ী এই লকডাউনের মধ্য ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকার কথা। কিন্তু দুপুরে বন্দর নগরীর ২ নম্বর গেট এলাকায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়। এ সময় গাড়ির জন্য অপেক্ষারত লোকজন মোটরসাইকেল এলেই হুমড়ি খেয়ে পড়ছিলেন। বেশির ভাগই মোটরসাইকেল ভাড়া করতে পারেননি। এ সময় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
মোড়ে দাঁড়ানো আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। একটা-দুইটা মোটরসাইকেল আসছে। মানুষ বেশি হওয়ায় ভাড়া করতে পারছি না।’ আলতাফ হোসেনের পাশে ছিলেন মৃন্ময় দাশ। তিনি বলেন, ‘মানুষ বেশি হওয়ায় মোটরসাইকেলচালকও ভাড়া বেশি খুঁজছেন। ২ নম্বর গেট থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত ভাড়া সর্বোচ্চ ১২০ টাকা। কিন্তু মোটরসাইকেলচালকেরা চাচ্ছেন ১৮০ থেকে ২০০ টাকা। কিছু বললে চালকেরা বলছেন, ‘গেলে চলেন, না গেলে নাই। অনেক রিস্ক নিয়ে যেতে হবে।’
তবু অনেকে মুখেই মাস্ক নেই
গত ঈদের পর থেকে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় কঠোর লকডাউন দেওয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ হচ্ছে, যেহেতু করোনা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় টিকা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে নিজের সুরক্ষার জন্য মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তারপরও সোমবার নগরীর বেশ কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, কারও মাস্ক হাতে আবার কারও মাস্ক লাগানো থুতনিতে। কারও কাছে আবার মাস্কই নেই।
মোহাম্মদ সোহেল নামের এক ব্যক্তি বলেন, ‘সারাক্ষণ মাস্ক পরতে অস্বস্তি লাগে। করোনার ঝুঁকি আছে, তা জানি। কিন্তু নিশ্বাস নিতে কষ্ট হয়। এ কারণে কিছুক্ষণ পরি। আর কিছুক্ষণ খুলে রাখি।’ আবছার নামের এক ব্যক্তির কাছে মাস্ক ছিল না। কেন মাস্ক নেই জিজ্ঞেস করলে তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক আনতে তাঁর মনে ছিল না।