গাড়িপ্রতি ১০০ টাকার বেশি তেল দিচ্ছে না ফিলিং স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরবরাহ সংকটের কারণে ক্রেতাদের ১০০ টাকার বেশি পেট্রল ও অকটেন দিচ্ছে না শরীয়তপুরের কোনো ফিলিং স্টেশন
ছবি: প্রথম আলো

শরীয়তপুরের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হয়েছে। ক্রেতাদের ফিরিয়ে দেওয়া না হলেও ১০০ টাকার বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না কাউকে। গত শুক্রবার থেকে সৃষ্ট এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলচালকেরা। ফিলিং স্টেশনের মালিকেরা বলছেন, পেট্রোলিয়াম করপোরেশনের তেলের ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এমন সংকট সৃষ্টি হয়েছে।

শরীয়তপুর সদর উপজেলার সুবচনি এলাকার বাসিন্দা মো. জহিরুল ইসলাম চিকিৎসাসামগ্রী সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মালিক। ব্যবসার প্রয়োজনে আজ মঙ্গলবার তাঁর ঢাকা যাওয়ার কথা ছিল। ব্যক্তিগত গাড়িতে জ্বালানি নেওয়ার জন্য মনোহর বাজারের হাজী আবদুল ফিলিং স্টেশনে যান তিনি। সেখান থেকে তাঁকে জানানো হয়, ১০০ টাকার বেশি জ্বালানি দেওয়া যাবে না। এমন কথা শুনে ফিলিং স্টেশনের ব্যবস্থাপকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান তিনি। কিন্তু কোনো ফল হয়নি, তেল না নিয়েই ফিরতে হয় তাঁকে।

জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঢাকা পর্যন্ত যেতে আমার ১০ লিটার পেট্রল বা অকটেন প্রয়োজন। কিন্তু আমাকে ১০০ টাকার বেশি জ্বালানি তেল দেওয়া হবে না জানানো হয়। দেশে কোনো জ্বালানি তেলের সংকট নেই কিন্তু পাম্প থেকে আমাকে তেল দেওয়া হয়নি। এখন কীভাবে গাড়ি নিয়ে ঢাকা যাব, বুঝতে পারছি না।’

হাজী আবদুল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার থেকে যমুনা পেট্রোলিয়ামের বরিশাল ডিপো থেকে তাঁদের জ্বালানি দেওয়া হচ্ছে না। পাম্পে যা মজুত ছিল, তা দিয়ে রোববার পর্যন্ত চলবে। সে জন্য কাউকে ১০০ টাকার বেশি জ্বলানি দিতে পারছেন না তিনি। ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হলে পাম্প বন্ধ রাখতে হবে বলে জানান তিনি।

ফিলিং স্টেশনের মালিকেরা জানান, শরীয়তপুর জেলায় পাঁচটি ফিলিং স্টেশন রয়েছে। এগুলোতে প্রতিদিন অন্তত ২০ হাজার লিটার পেট্রল, ১৫ হাজার লিটার অকটেন ও ৪০ হাজার লিটার ডিজেলের চাহিদা রয়েছে। স্টেশনগুলো বরিশাল ও ঝালকাঠির মেঘনা, যমুনা ও পদ্মা পেট্রোলিয়াম থেকে প্রতিদিন জ্বালানি তেল সংগ্রহ করে। প্রতি লিটার পেট্রল ৮৬ টাকা ৫০ পয়সা, প্রতি লিটার অকটেন ৯০ টাকা ও প্রতি লিটার ডিজেল ৮০ টাকা ৫০ পয়সায় বিক্রি করা হচ্ছে।

আজ দুপুরে শরীয়তপুর সদরের মনোহর বাজার হাজী আবদুল ফিলিং স্টেশন, জেলা শহরের গ্লোরি ফিলিং স্টেশন ও নড়িয়ার ডগ্রী বাজারের চোকদার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, ব্যক্তিগত কোনো গাড়ি ও মোটরসাইকেলের চালককে ১০০ টাকার বেশি পেট্রল ও অকটেন দেওয়া হচ্ছে না। জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হচ্ছেন ওই যানবাহনের চালক ও যাত্রীরা। তেল না পেয়ে তাঁরা ভোগান্তিতে পড়েছেন।

বরিশালের মুলাদীর বাসিন্দা আল আমীন রোববার দুপুর ১২টার দিকে নড়িয়ার ডগ্রী বাজারের চোকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রল নিতে যান। তিনি ৮ লিটার পেট্রল কিনতে চাইলেও তাঁকে ১০০ টাকার পেট্রল দেওয়া হয়। আল আমীন প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে মুলাদী ফিরছি। তেল শেষ হয়ে যাওয়ায় পাম্পে এসেছিলাম। কিন্তু প্রয়োজনীয় তেল পেলাম না। এখন গন্তব্যে কীভাবে পৌঁছাব, জানি না।’

এ বিষয়ে যমুনা পেট্টোলিয়ামের বরিশাল ডিপোর ব্যবস্থাপক ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে তাঁদের যে টার্মিনাল, সেখানে জ্বালানি তেলের জাহাজ আসতে দেরি হচ্ছে। তাই ডিপোতে অনিয়মিতভাবে জ্বালানি সরবরাহ হচ্ছে। যার প্রভাব মাঠপর্যায়ে পড়ছে। তিনি বলেন, ‘ডিজেল-কেরোসিনের কোনো সংকট নেই। শুধু পেট্রল ও অকটেন চাহিদা অনুযায়ী পাম্পগুলোতে দিতে পারছি না। পাম্পগুলো যাতে বন্ধ না হয়ে যায়, সে জন্য কমবেশি করে তেল সরবরাহ করছি। কবে নাগাদ স্বাভাবিক সরবরাহ করা যাবে, তা–ও বলতে পারছি না।’

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, জ্বালানি তেলের কোনো সংকটের কথা জানা নেই তাঁর। বিষয়টি খোঁজ নিয়ে ডিপোর কর্মকর্তা ও পাম্পমালিকদের সঙ্গে কথা বলবেন তিনি। পরিস্থিতি বুঝে বিষয়টি মন্ত্রণালয় ও পেট্টোলিয়াম করপোরেশনে জানানো হবে।