গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নাড়লেন নায়িকা, ভালোবাসা ভক্তদের
চিত্রনায়িকা পরীমনি আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে দেখেন, শত শত মানুষ তাঁকে একটু দেখার জন্য ভিড় জমিয়েছেন। তিনি তাদের নিরাশ করেননি। তাঁকে বহনকারী সাদা গাড়ির ছাদ খুলে দাঁড়ান তিনি। ভক্তদের উদ্দেশে হাতে নাড়েন। কারও কারও সঙ্গে সেখান থেকেই হাত মেলান। ভক্তদের পেছনে রেখে সেলফিও তোলেন।
পরীমনি ছিলেন সাদা পোশাকে। মাথায় ফ্যাশনেবল করে বাধা ছিল সাদা এক টুকরো কাপড়। তিনি ভক্তদের উদ্দেশে ডান হাত নাড়েন। সেই হাতে মেহেদি দিয়ে ইংরেজি আর ইমোজির মিশেলে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’।
আজ সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান পরীমনি। তিনি ওই কারাগারে ২৬ দিন বন্দী ছিলেন। পরীমনির মুক্তির খবর পেয়ে ভোর থেকে কারাফটকে উৎসুক মানুষ ভিড় করেছিলেন।
পরীমনিকে আটক, তাঁর বিরুদ্ধে মাদকের মামলা, সেই মামলায় গ্রেপ্তার দেখানো, তাঁর নানা ছবি-ভিডিও প্রকাশকে ষড়যন্ত্র হিসেবে দেখেন ভক্তদের অনেকে। এমন এক ভক্ত কোনাবাড়ী এলাকার ব্যবসায়ী খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পরীমনির সঙ্গে অনেকের অন্তরঙ্গ ছবি আছে। কিন্তু আমরা ভক্তরা এসব প্রচার-প্রচারণা মানি না। আমরা মনে করি, যা হয়েছে সব ষড়যন্ত্র। তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁকে আমরা এখনো ভালোবাসি।’
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন বলেন, গতকাল মঙ্গলবার পরীমনির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাঁকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ সকালে তাঁর জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।