গাড়ির ধাক্কায় ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গত মঙ্গলবার মাইক্রোবাসের ধাক্কায় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। একই দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হন।
নিহত ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগ নেতার পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম তৌহিদুল ইসলাম (২৫)। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার প্রয়াত তাজুল ইসলামের ছেলে। তাঁর বাড়ি শহরের মেড্ডা এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
নিহত তৌহিদের পরিবার ও বন্ধুদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া উপজেলা থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তিনি। ঢাকা-আগরতলা মহাসড়কের সদর উপজেলার কোড্ডা এলাকায় একটি মাইক্রোবাস তাঁর মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়া চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তৌহিদুল ইসলাম মারা যান।
গত মঙ্গলবার রাত দুইটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক পথচারী প্রাণ হারিয়েছেন।