গায়ে রং লাগায় শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নববর্ষ উদ্‌যাপনের সময় গায়ে রং লাগায় ১০ বছরের একটি শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। গত শুক্রবার উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবা মো. আলম নামের এক ব্যবসায়ীসহ তিনজনের নামে থানায় মামলা করেছেন।

নির্যাতনের শিকার ওই শিশুটির নাম মাসুদ। সে পাটেশ্বরী বাজার এলাকার মফিজুল হকের ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পয়লা বৈশাখ শুক্রবার সকালে পাটেশ্বরী বাজারে মাসুদসহ কয়েকটি শিশু রং নিয়ে খেলছিল। পাশ দিয়ে যাওয়ার সময় সকাল ১০টা দিকে ব্যবসায়ী আলমের গায়ে রঙের ছিটা লাগে। এতে আলম ক্ষিপ্ত হয়ে ওঠেন। কয়েকজন সহযোগীসহ তিনি মাসুদকে ধরে নিয়ে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মাসুদকে উদ্ধার করে নিয়ে যান। পরে স্থানীয়ভাবে মাসুদের চিকিৎসা দেওয়া হয়। মাসুদের বাবা রাতে ব্যবসায়ী আলম, তাঁর দুই সহযোগী ফরিদ হোসেন ও বকতারহোসেনের নাম উল্লেখ করে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন।

মফিজুল ইসলাম অভিযোগ করেন, মামলা করার পর আসামিরা তাঁকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জানতে গতকাল শনিবার বিকেল পাঁচটায় মো. আলমের মুঠোফোনে ফোন দিলেও ধরেননি। ভূরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বলেন, আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।