গিয়েছিল বছরের প্রথম সশরীর ক্লাসে, ফিরল লাশ হয়ে
মাদারীপুরের রাজৈরে প্রথম শ্রেণির প্রথম সশরীর ক্লাস শেষ করে বাড়িতে ফিরতে পারল না পাঁচ বছরের কোয়েল। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় নছিমনের ধাক্কায় তার মৃত্যু হয়। সানেরপাড়-ইশিবপুর আঞ্চলিক সড়কের রাজৈর থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোয়েল রাজৈর উপজেলার কুটিবাড়ী গ্রামের নুরুল ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এত দিন সশরীর ক্লাস বন্ধ ছিল। আজ প্রাথমিক পর্যায়ে সশরীর ক্লাস শুরু হয়। প্রথম শ্রেণির শিক্ষার্থী কোয়েল নতুন ক্লাসে প্রথমবার সশরীর যোগ দিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে ছেড়ে আসা একটি নছিমন গরু নিয়ে ইশিবপুর যাচ্ছিল। বেপরোয়া গতিতে আসা নছিমনটি রাজৈর থানার মোড় এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় নছিমনটি শিশু কোয়েলকে চাপা দেয়। কোয়েল স্কুল শেষ করে বাড়িতে ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল। নছিমনচাপায় কোয়েল গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদিক প্রথম আলোকে বলেন, প্রচণ্ড রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নছিমনসহ চালককে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।