গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরাইকান্দি এলাকায়
প্রথম আলো

নরসিংদীর মনোহরদী উপজেলায় ‘মনোহরদী ডিজিটাল ব্রিকস ম্যানুফ্যাকচারিং’ নামের একটি ইটভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরাইকান্দি এলাকায় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শাহরুখ খানের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইটভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে স্থাপিত হওয়ায় জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। কোনো লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ইটভাটাটিকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

এনডিসি মো. শাহরুখ খান বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন-২০১৩ অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।