গুণগত ও প্রায়োগিক শিক্ষার কোনো বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত পরীক্ষা হলের উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু বকর ছিদ্দীক
ছবি : প্রথম আলো

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দীক বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে গুণগত ও প্রায়োগিক শিক্ষার কোনো বিকল্প নেই। কার্যকর ও যুগোপযোগী শিক্ষা বিস্তারের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে পারলে দেশের জন্য কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সহজ হবে।

রোববার দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত পরীক্ষা হলের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসিবুর রশীদ, সহ–উপাচার্য সরিফা সালোয়া ডিনা, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি ক্যাম্পাসে নির্মাণাধীন শেখ হাসিনা ছাত্রী হল, ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন এবং স্বাধীনতা স্মারকসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষাসচিব আবু বকর ছিদ্দীক প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক মতবিনিময় করেন। এ সময় উপাচার্য হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও ভৌত অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

দুপুরের পর সচিব রংপুর শহরের সেনপাড়ায় অবস্থিত কালেক্টরেট স্কুল ও কলেজের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।