গুদামে ইলেকট্রনিক পণ্যের বাক্সে ২০ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি গুদামে ইলেকট্রনিক পণ্যের ভেতর থেকে ২০ কেজি সোনার বার ও স্বর্ণালংকার জব্দ করেছে পুলিশ। গত বুধবার রাতে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এমরান ও টিটু নামে দুজনকে আটক করা হয়েছে।
জব্দ করা সোনার মধ্যে রয়েছে ১২০টি বার। এসব বারের ওজন ১৪ কেজি ২০০ গ্রাম। এ ছাড়া ৫ কেজি ৮০০ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা সোনার বার ও স্বর্ণালংকারের মূল্য প্রায় ১০ কোটি টাকা। কাগজের চারটি কার্টনের ভেতরে রাখা ইলেকট্রনিক পণ্যের সঙ্গে (হোম থিয়েটার) কার্বন পেপারে মুড়িয়ে এসব সোনার বার ও স্বর্ণালংকার রাখা ছিল।
অভিযানের বর্ণনা দিয়ে সদরঘাট থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে খবর পাই, ইলেকট্রনিক পণ্যের আড়ালে স্বর্ণ নেওয়া হবে। এরপর এএসআই হুমায়ুন ও শাহজাহানসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, কয়েকজন গুদাম থেকে চারটি বাক্স বের করে গুদামের সামনে থাকা একটি প্রাইভেট কারে তুলছে। তাৎক্ষণিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা লুকোচুরি করার চেষ্টা করে।’
আনোয়ার হোসেন জানান, একপর্যায়ে গুদামের কর্মী টিটু এসি মেলার মালিকের সঙ্গে মুঠোফোনে কথা বলে। কথা শেষে মালামালগুলো ছেড়ে দেওয়ার জন্য এক কোটি টাকার প্রলোভন দেখায়। টাকার প্রলোভনের পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
তবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে এসি মেলার কারও বক্তব্য পাওয়া যায়নি।
বুধবার রাত ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা অভিযানের পর বুধবার রাতে পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ঘটনাস্থলে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ইলেকট্রনিক পণ্যের মধ্যে লুকিয়ে দুবাই থেকে এসব সোনার বার ও অলংকার আনা হয়েছে।
দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আবারও ইলেকট্রনিক পণ্যভর্তি গুদামটিতে অভিযান চালায় পুলিশ। তবে দ্বিতীয় দফায় কোনো স্বর্ণ পাওয়া যায়নি। সন্ধ্যায় গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
মাঝিরঘাট এলাকায় আনু মাঝির ঘাটের অদূরে ওই গুদামটি ‘এসি মেলা’ নামে একটি ইলেকট্রনিক পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ভাড়া নিয়েছিল। বিদেশ থেকে মালামাল এনে তারা এ গুদামে রাখত। তবে এসব ইলেকট্রনিক পণ্য উড়োজাহাজে, না বন্দর দিয়ে আনা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, প্রাথমিকভাবে সোনা চোরাচালানের ঘটনায় সাতজনের জড়িত থাকার ব্যাপারে তথ্য পাওয়া গেছে। আটক দুজনসহ এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।