কৃষক আক্তারুজ্জামান এ বছর ২০ বিঘা (প্রতি বিঘা ৫২ শতক) জমিতে বোরো ধানের চাষ করেছেন। তিনি মোট ৫৮০ মণ ধান পেয়েছেন। ইতিমধ্যে ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ১৬০ টাকা দরে ৪০০ মণ ধান স্থানীয় বাজারে বিক্রি করেছেন। বাজারে ভালো দাম পাওয়ায় সরকারি গুদামে ধান বিক্রিতে তাঁর কোনো আগ্রহ নেই।
আক্তারুজ্জামানের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামে। তাঁর মতো যশোরের অনেক কৃষক সরকারি গুদামে ধান বিক্রিতে আগ্রহ দেখাচ্ছেন না। গত ২৮ এপ্রিল ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত সোমবার পর্যন্ত ২৭ দিনে যশোর খাদ্যগুদামে ২ হাজার ২১৮ মণ ধান সংগ্রহ হয়েছে।
এ সম্পর্কে যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুর রহমান বলেন, ‘যশোরে চিকন ধান বেশি উৎপাদিত হয়। সরকারিভাবে যে দাম নির্ধারণ করা হয়েছে, স্থানীয় বাজারে তার চেয়ে বেশি দামে ধান বেচাকেনা হচ্ছে। বাজারে চালের দাম বেশি। এ কারণে খাদ্যগুদামে ধান সরবরাহ করতে কৃষকের আগ্রহ কম। চুক্তিবদ্ধ চালকলমালিকেরা এখনো ঠিকমতো চাল সরবরাহ করছেন না। তবে সামনে সময় আছে। কৃষক ও চালকলমালিকদের নানাভাবে উদ্বুদ্ধ করে ধান ও চাল সংগ্রহ বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।’
জেলা খাদ্য বিভাগ জানায়, ধানের বর্তমান বাজারদর ও সরকার–নির্ধারিত দাম কাছাকাছি এবং ক্ষেত্রবিশেষে বেশি হওয়ায় কৃষকেরা গুদামে ধান দেওয়ার ঝক্কিঝামেলা পোহাতে চান না। ফলে জেলার আটটি উপজেলার মধ্যে সদর, চৌগাছা ও কেশবপুর উপজেলায় কৃষি অ্যাপের মাধ্যমে এবং অপর পাঁচটি উপজেলায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে ধান কেনা চলছে। জেলার হাটবাজারে বর্তমানে মোটা জাতের ধান ৯৫০ থেকে ৯৭০ টাকা এবং চিকন ধান ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। গুদামে ধানের নির্ধারিত দাম প্রতি মণ ১ হাজার ৮০ টাকা।
সরকারি গুদামে ধান দিতে খুব ঝামেলা হয়। স্থানীয় বাজারে কোনো ঝামেলা নেই।
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কৃষক হাসান আলী বিশ্বাস এবার পৌনে দুই বিঘা (৩৩ শতকের বিঘা) বর্গা জমিতে ব্রি-২৯ জাত চাষ করে ৩৫ মণ ধান পেয়েছেন। ১৬ মণ ধান ১ হাজার ৪০ টাকা মণ দরে স্থানীয় বাজারে বিক্রি করছেন। তিনি বলেন, ‘সরকারি গুদামে ধান দিতে খুব ঝামেলা হয়। স্থানীয় বাজারে কোনো ঝামেলা নেই। এ জন্য গুদামে ধান বিক্রি করিনি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর কার্যালয় জানায়, জেলায় এবার বোরো ধানের চাষ হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৮০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে গড়ে ৬ দশমিক ৮৬ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। সে অনুয়ায়ী জেলায় এবার ১০ লাখ ৮৩ হাজার ৫৬ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে। সরকারিভাবে কেনা হচ্ছে ২১ হাজার ৮৭৯ মেট্রিক টন ধান। অর্থাৎ মোট উৎপাদনের ২ দশমিক শূন্য ২ শতাংশ ধান কেনা হচ্ছে। সূত্র জানায়, কৃষকদের একটি করে কৃষি কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডে কৃষকের নাম, পরিচয় এবং তাঁর চাষ করা জমির পরিমাণ উল্লেখ থাকে। জেলায় কার্ডধারী কৃষকের ব্যাংকে ১০ টাকার হিসাব রয়েছে। ধান কেনার পর কৃষকের ব্যাংক হিসাবে টাকা দেওয়া হয়। কৃষক ব্যাংক হিসাব থেকে টাকা তোলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, জেলায় ২৪ হাজার ৫৯৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৮ এপ্রিল ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে এবং তা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।