‘গুম’ হওয়া শামীমের হাতে হাতকড়া
বগুড়ায় প্রায় ছয় বছর আগে মোহাম্মদ শামীম নামের এক তরুণকে অপহরণ ও গুমের অভিযোগ তুলে তাঁর মা ঝরনা বেগম থানায় মামলা করেছিলেন। মামলায় শামীমেরই বন্ধু আজিজার রহমানকে প্রধান আসামি করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে মাস চারেক কারাভোগ করেন আজিজার। আদালত থেকে জামিন পেলেও তদন্ত শেষে আজিজারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তবে সোমবার দেখা দেখা যায়, সাইকেলে চড়ে বেড়াচ্ছেন শামীম। অবশ্য পুলিশ তাঁকে হাতকড়া পরিয়ে হেফাজতে নিয়েছে।
শামীম দাবি করেছেন, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পালিয়ে ভারতে যাওয়ার পর সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরে পড়েন তিনি। অবৈধ অনুপ্রবেশের মামলায় আড়াই বছরের কারাদণ্ড হয় তাঁর। কারাভোগ শেষে ২০১৮ সালে দেশে ফেরেন।
জানা যায়, মধু বিক্রেতা শামীম (২৬) নিখোঁজ হন ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি। ওই বছরের ১১ আগস্ট তাঁর মা আজিজার রহমানের (৩১) বিরুদ্ধে অপহরণ ও গুমের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।
পুলিশ বলছে, শামীম নিজে থেকে আত্মগোপনে ছিলেন, এমনটা জানার পর আজিজার রহমান অপহরণ মামলার বাদী ঝরনাসহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০১৮ সালের ২৮ জানুয়ারি আদালতে ১০৭ ধারায় মামলা করেন। আদালত ২০১৯ সালের ১৯ জানুয়ারি এই মামলা নিষ্পত্তি করেন।
সোমবার বগুড়া সদরের মানিকচক এলাকায় বাড়ির পাশে শামীমকে সাইকেল চালাতে দেখে এলাকাবাসী বিস্মিত হন। এলাকায় শোরগোল পড়ে যায়। কৌতূহলী শত শত লোকজন শামীমকে একনজর দেখার জন্য ভিড় করেন। খবর পেয়ে সেখানে যান শামীম অপহরণ মামলার আসামি আজিজার রহমান এবং তাঁর লোকজন। একপর্যায়ে সদর থানার পুলিশ শামীমকে উদ্ধার করে ‘হাতকড়া’ লাগিয়ে থানায় নিয়ে যায়। শামীম উপজেলার শাখারিয়া এলাকার এবং তাঁর বন্ধু আজিজার রহমান পার্শ্ববর্তী কর্ণপুর মহল্লার বাসিন্দা।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে শামীমকে এখনো পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা চেয়ে শামীম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, শামীমকে কেউ অপহরণ করেনি। নিজ থেকেই ভারতে আত্মগোপন করতে গিয়ে অনুপ্রবেশের দায়ে সে দেশের সীমান্তরক্ষীর হাতে ধরা পড়ে আড়াই বছর জেল খাটেন। দেশে ফিরে এত দিন শামীম কোথায় ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম এত দিন আত্মগোপনেই ছিলেন। লোকজন ভেবেছিলেন, শামীমকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে। কিন্তু দীর্ঘ সাড়ে ছয় বছর পর গতকাল সকালে হঠাৎ মানিকচক এলাকায় সাইকেলে চড়ে ঘুরছিলেন তিনি। শামীম জীবিত আছেন, এমন খবরে তাঁকে একনজর দেখার জন্য লোকজন ভিড় করেন। একপর্যায়ে খবর পেয়ে আজিজার এবং তাঁর লোকজনও চড়াও হন। খবর পেয়ে বগুড়া সদর থানায় পুলিশ হাতকড়া পরিয়ে তাঁকে হেফাজতে নেয়।
আজিজার রহমান পুলিশের কাছে অভিযোগ করেছেন, শামীম তাঁর বন্ধু। সেই সুবাদে তাঁর কাছ থেকে এক লাখ টাকা ধার নেন শামীম। পাওনা টাকার জন্য চাপ দিলে ২০১৫ সালে তিনি হঠাৎ উধাও হন। পরে তাঁর মা অপহরণ মামলা করেন। মামলা আদালতে বিচারাধীন। এ মামলায় তিনি চার মাস জেল খেটেছেন। এখনো নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে।
অন্যদিকে পুলিশের হেফাজতে থাকা শামীম বলেন, ‘আজিজারের সঙ্গে বিরোধের জেরে প্রাণভয়ে ভারতে পালিয়ে যাই। সেখানে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আমার আড়াই বছরের সাজা হয়। ২০১৮ সালে দেশে ফিরলেও আজিজারের ভয়ে আত্মগোপনে ছিলাম।’