সিলেটে বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সাক্ষ্য দেওয়ার বাকি আছেন মামলার তদন্তকারী কর্মকর্তাসহ আটজন। মামলা পরিচালনায় থাকা আইনজীবীরা বলেছেন, এই আটজন ‘গুরুত্বপূর্ণ’ সাক্ষী। কিন্তু আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে তাঁরা কেউ সাক্ষ্য দিতে না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে।
সাক্ষ্য গ্রহণ পিছিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী প্যানেলের সদস্য মোহাম্মদ মনির উদ্দিন। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচার চলমান এই মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ আগামী ৮ নভেম্বর ধার্য করা হয়েছে।
মোহাম্মদ মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, আটজন সাক্ষীর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষী রয়েছেন। তাঁরা সাক্ষ্য দিলেই মামলাটি যুক্তিতর্কের ধাপে গিয়ে রায়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর্যায়ে চলে যেত। কিন্তু গুরুত্বপূর্ণ সাক্ষীরা কেউ উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত।
সাক্ষীদের অনুপস্থিত থাকা প্রসঙ্গে আদালত পুলিশের এক সদস্য জানান, ১২ অক্টোবর এই মামলার ময়নাতদন্তকারী চিকিৎসকসহ লাশ মর্গে পাঠানো পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন। এ দুজনও মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তাঁদের সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী আটজনকে সাক্ষ্য দিতে যথারীতি সমন পাঠানো হয়। কিন্তু সাক্ষীরা সম্ভবত অন্য মামলায় ব্যস্ত থাকায় সাক্ষ্য দিতে পারেননি। পরবর্তী তারিখে তাঁরা যাতে সাক্ষ্য দেন, সে ব্যবস্থা করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত বিজয় দাশ (৩২)। বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি তিনি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
হত্যাকাণ্ডের পর অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, মামলাটি পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরিত হয়। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন। এতে সন্দেহভাজন আটক ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে ৬ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এ বি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) এবং সিলেট নগরের রিকাবীবাজার এলাকার সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।
আসামিদের মধ্যে ফারাবী বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি। অভিযুক্ত আসামিদের মধ্যে মান্নান রাহী আদালতে অনন্ত হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
২০১৭ সালের ২ নভেম্বর মান্নান হঠাৎ অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামিদের মধ্যে আবুল হোসেন, ফয়সাল আহমদ ও মামুনুর রশীদ পলাতক।