গুরুদাসপুরে ডোবার পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে জান্নাতি ও ফেরদৌসী (৬) নামের যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু দুটি ওই গ্রামের রাজেকুল ইসলাম ও মাহফুজা দম্পতির মেয়ে। তাদের বাবা পেশায় ভ্যানচালক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শরিফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে শিশু দুটিকে হাসপাতালে আনা হয়। কিন্তু তখন করার কিছু ছিল না। শিশু দুটিকে আনার আগেই তারা মারা যায়। পরে লাশ দুটি তাদের স্বজনেরা নিয়ে যান।
বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক স্থানীয় লোকজনের বরাত দিয়ে বলেন, জান্নাতি ও ফেরদৌসীর বাবা ভ্যান নিয়ে সকালে বের হন। শিশু দুটি বাড়ির পাশেই খেলছিল। মা মাহফুজা দুপুরের রান্নায় ব্যস্ত ছিলেন। তাঁর মেয়েরা সবার অগোচরে কখন ডোবায় পড়েছিল বলতে পারেননি। প্রতিবেশী একজনের চিৎকারে শিশু দুটির মা দৌড়ে এসে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মেয়ে দুটির মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। পুরো এলাকায় শোক ছড়িয়ে পড়েছে।