গুরুদাসপুরে ভাঙা রাস্তায় পানি ভেঙে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকার সড়কের হাল।
ছবি: প্রথম আলো

বিটুমিন ও খোয়া উঠে রাস্তাটিতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সেই সব খানাখন্দ ভরে যাচ্ছে পানিতে। সেই পানি ভেঙে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনগুলোকে। সংস্কারের অভাবে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের অধিকাংশ রাস্তায় এখন এ দৃশ্য। এমন বেহাল রাস্তার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, গুরুদাসপুর উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন চাপিলা। পুকুর চাষে ব্যাপক সফলতার কারণে এই ইউনিয়নের বাসিন্দারা অর্থনৈতিকভাবে সচ্ছল। কিন্তু রাস্তার বেহালের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। পানিতে তলিয়ে যাওয়ায় ও খানাখন্দের কারণে অধিকাংশ রাস্তায় মাছের ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অন্যান্য এলাকার সঙ্গে চাপিলা ইউনিয়নের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দু–একটি রাস্তা কিছুটা ভালো থাকায় ট্রাকসহ সব যোগাযোগ ওই রাস্তাগুলো দিয়েই হচ্ছে। এতে অতিরিক্ত চাপের কারণে সেই রাস্তাগুলোও দ্রুত নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন ইউনিয়নের মহারাজপুরবাসী। এই গ্রামে প্রবেশ ও বের হওয়ার তিনটি রাস্তা মহারাজপুর থেকে বৃ-পাথুরিয়া, মহারাজপুর থেকে আব্বাস মোড় ও মহারাজপুর থেকে শাহী বাজার সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। রাস্তাগুলোর বিটুমিন ও খোয়া উঠে গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। হালকা ও মাঝারি বৃষ্টিতেই ভাঙা রাস্তা ডুবে যায়। বৃষ্টির পানি বের হওয়ার সুযোগ না থাকায় দীর্ঘদিন ধরে তিনটি রাস্তারই বিভিন্ন জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমে আছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন মহারাজপুর গ্রামের বাসিন্দারা। তবে দুর্ভোগ চরমে পৌঁছার কারণে স্থানীয় লোকজনের উদ্যোগে ফ্রি বোর বসিয়ে পাইপের সাহায্যে পানি মাটির গভীরে নামিয়ে দেওয়া হচ্ছে। এতে পানি কমতে শুরু করলেও খানাখন্দ ও কাদামাটির কারণে ভোগান্তি দূর হচ্ছে না।

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর এলাকার সড়কের অবস্থা বেহাল।
ছবি: প্রথম আলো

শুধু মহারাজপুর নয়, ইউনিয়নের সাধুপাড়া থেকে চাপিলা বাজার, মতি ডাক্তারের মোড় থেকে বৃ-পাথুরিয়া ইউনিয়ন পরিষদ, মরহুম করিম চেয়ারম্যানের বাড়ি থেকে ৬ নম্বর চাপিলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্টোর বাড়ির রাস্তা পানিতে তলিয়ে গেছে। ভাঙা রাস্তা পার হতে গিয়ে আটকে যাচ্ছে গাড়ি। ফলে যাত্রী-চালকদের অনেকেই বাধ্য হয়ে পানিতে নেমে ঠেলছেন গাড়ি। এ রাস্তা পার হতে গিয়ে বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যানচালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মহারাজপুরের ট্রাকমালিক মতিউর রহমান বলেন, চাপিলা ইউনিয়নে প্রতিদিন শতাধিক ট্রাক মাছ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। রাস্তার বেহালের কারণে ট্রাকগুলোকে দীর্ঘ পথ ঘুরে মূল রাস্তায় উঠতে হয়। আবার অতিরিক্ত চাপ পড়ায় ওই রাস্তাগুলোতেও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে ট্রাকসহ পণ্যবাহী পরিবহন চলাচল করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক বলেন, ‘ঝুঁকি নিয়ে ভাঙা রাস্তা পার হয়ে মহারাজপুর পুকুরপাড়া পর্যন্ত আসলাম। এখানে হাঁটুপানি, সামনে যে কী অবস্থা, আল্লাহ ভালো জানেন। শুধু এখানে নয়, চাপিলার অনেক রাস্তা পানিতে ডুবে আছে।’

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, কত বড় বড় প্রকল্প হচ্ছে, উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন হওয়ার পরও চাপিলা ইউনিয়নের জলাবদ্ধতা দূর করার কোনো পদক্ষেপ নেই। উন্নয়ন এখন পানির নিচে চলে গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ৬ নম্বর চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্টো বলেন, ইউনিয়নজুড়ে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বছরের পর বছর ধরে জায়গাটি স্থায়ী জলাবদ্ধতায় ডুবে থাকে। বর্ষায় এ দুর্ভোগ বাড়ে। পরিস্থিতি বিবেচনায় ইউনিয়নের ভেতর দিয়ে নির্মিত সড়কগুলো রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

চেয়ারম্যানের ভাষ্যমতে, তাঁর ইউনিয়নের প্রায় ৩০-৪০ কিলোমিটার পাকা সড়ক নষ্ট হয়েছে। এর মধ্যে ১৫-২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে পানির নিচে।

এ ব্যাপারে স্থানীয় সাংসদ মো. আবদুল কুদ্দুস বলেন, পরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের উদ্যোগের পাশাপাপাশি গ্রামীণ সড়কগুলো যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হবে।