গুরুদাসপুরে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধরে আহত নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত সদস্য মর্জিনা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত (৪, ৫ ও ৬) সদস্য মর্জিনা খাতুনকে (৪৮) মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার শিকারপুর নদীর উত্তরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মর্জিনা খাতুনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মর্জিনা খাতুনের বাঁ পায়ের গোড়ালি, ডান হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন আছে। তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন মর্জিনা বেগম অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে গতকাল মঙ্গলবার তাঁর ছেলেকে মারধর করে একটি হাত ভেঙে দেন প্রতিবেশী আবদুল বারী (৩৫), শাহাদত হোসেন (৪০) ও বুদ্দু মোল্লা (৪৫)। এ ঘটনার বিচার না পেয়ে গতকালই তাঁদের অভিযুক্ত করে থানায় একটি আবেদন করেন তিনি। এতে তাঁরা আরও ক্ষুব্ধ হয়েছেন। আজ বুধবার সকালে তিনি এলাকায় গণসংযোগে বের হলে তাঁরা কাঠের বাটাম দিয়ে তাঁকে এলোপাতাড়ি পেটান ও মারধর করেন।

নির্বাচিত জনপ্রতিনিধিকে শারীরিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করে ইউনিয়ন পরিষদে বিশেষ সভা ডেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মর্জিনার স্বামী মো. সামছুর রহমান অভিযোগ করেন, তাঁর স্ত্রী ইউপি সদস্য হওয়ার কারণে দীর্ঘদিন ধরে তাঁকে ঘিরে নানা রকম আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বেড়াতেন ওই ব্যক্তিরা। সব উপেক্ষা করে তাঁর স্ত্রী মানুষের সেবায় অবিচল ছিলেন। এরপরও তাঁকে অমানুষিক নির্যাতন করা হলো। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন বলেন, সংরক্ষিত ইউপি সদস্যকে মারধরের ঘটনায় অভিযুক্ত আবদুল বারী, শাহাদত হোসেন, বুদ্দু মোল্লাসহ অন্তত ১০ জন। তদন্ত সাপেক্ষে তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।