গুরুদাসপুরে ১০টি বস্তায় মিলল ৭০০ বক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওই দিন সন্ধ্যায় নিজেরাই বকগুলো অবমুক্ত করে দেন ছাত্রলীগ নেতারা
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর থেকে বস্তাবন্দি অবস্থায় ৭০০টি বক উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মশিন্দা ইউনিয়নের জাকিরের মোড় থেকে স্থানীয় ছাত্রলীগ নেতারা বকগুলো উদ্ধার করেন। পরে ওই দিন সন্ধ্যায় নিজেরাই বকগুলো অবমুক্ত করে দেন ছাত্রলীগ নেতারা।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর পৌরসভা থেকে পাটের বস্তায় ভরে বকগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন স্থানীয় পাখি ব্যবসায়ী আবদুস সাত্তার (৫৫)। চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার বাড়ি থেকে আবদুস সাত্তার তিনটি ব্যাটারিচালিত ভ্যানে করে বস্তায় বকগুলো নিয়ে যচ্ছিলেন।

এ সময় অপু শেখ নামের স্থানীয় এক তরুণ মুঠোফোনে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমানকে বিষয়টি জানান। পরে আতিয়ারসহ ছাত্রলীগের অন্য নেতারা জাকিরের মোড়ে তিনটি ভ্যানের পথ রোধ করেন। এ সময় বকগুলো ফেলে পালিয়ে যান ওই ব্যবসায়ী।

আতিয়ার রহমান বলেন, বন্যার পানি নেমে যাওয়ায় জলাশয়গুলোতে নানা প্রজাতির মাছ এসেছে। এসব মাছ শিকারে বকসহ নানা প্রজাতির পাখির আনাগোনা বাড়ছে। এই সুযোগে একশ্রেণির মানুষ ফাঁদ পেতে বকসহ অন্যান্য পরিযায়ী পাখি শিকার করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, ছাত্রলীগের নেতারা ভালো কাজ করেছেন। তাঁদের মতো উপজেলার সব মানুষ সচেতন হলে পাখি শিকার বন্ধ করা সম্ভব হবে। তাহলেই প্রকৃতি বাঁচবে।

উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত বছর পাখি শিকার বন্ধে সচেতনতামূলক প্রচার–প্রচারণা চালানো হয়েছিল। তবে এ বছর জনবলসংকটের কারণে সেটি সম্ভব হচ্ছে না।