গুরুদাসপুরে ৩৩৩-এ ফোন করে তিন দিনে ৫৫ পরিবার পেয়েছে খাদ্যসামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলার মানচিত্র
প্রথম আলো

পরিবারে অভাব। তার ওপর ক্ষুধার কষ্ট। কিন্তু আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পাততে সংকোচবোধ। উপায়ান্ত না দেখে জাতীয় তথ্যসেবা নম্বর ৩৩৩-এ ফোন করেন তাঁরা। এর কিছুক্ষণের মধ্যেই খাদ্যসামগ্রীর প্যাকেট নিয়ে হাজির হন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত বৃহস্পতি থেকে আজ শনিবার এই তিন দিনে গুরুদাসপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫৫টি পরিবার ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্যসহায়তা চেয়েছিল। এর মধ্যে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রাম থেকে সবচেয়ে বেশি ২৫টি এবং চরকাদহ গ্রাম থেকে ৮টি মিলে এই ইউনিয়ন থেকে ৩৩টি পরিবার; গুরুদাসপুর পৌরসভার গাড়িষাপাড়া মহল্লার ৮টি পরিবার, চাপিলা ইউনিয়ন থেকে ৬টি পরিবার, নাজিপুর ইউনিয়ন থেকে ৪টি পরিবার এবং খুবজীপুর ইউনিয়ন থেকে ৪টি পরিবার ৩৩৩-এ ফোন দিয়ে খাদ্যসহায়তা পেয়েছে।

ফোনকল বেড়ে গেলে উপজেলা প্রশাসনের বাছাই করা স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয় ৩৩৩ নম্বরের ফোন রিসিভের জন্য। পর্যায়ক্রমে তালিকা ধরে তাঁর নেতৃত্বে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এসব পরিবারে।

পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা তহবিল থেকে ১০ কেজি করে চাল এবং উপজেলা প্রশাসন ও ইউএনওর ব্যক্তিগত তহবিল থেকে সঙ্গে আলু, ডালসহ খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে।

ইউএনও তমাল হোসেন বলেন, অতিবৃষ্টি ও করোনা পরিস্থিতিতে এসব পরিবারের কর্মক্ষম মানুষগুলো কাজে বের হতে পারেননি। তা ছাড়া সরকারের গৃহীত নানা কর্মসূচির সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত। কর্মমুখী এসব পরিবারগুলো গরিব হলেও আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পাততে পারেননি। অনেকটা নিরুপায় হয়েই তাঁরা ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্যসহায়তা চেয়েছিলেন। তাৎক্ষণিকভাবে কিছু পরিবারকে অতি গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে পরিবারগুলোকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, প্রথম দিন কমপক্ষে ১০টি ফোন পান তিনি। ফোনকল বেড়ে গেলে উপজেলা প্রশাসনের বাছাই করা স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয় ৩৩৩ নম্বরের ফোন রিসিভের জন্য। প্রত্যক আবেদনকারীর নাম-ঠিকানা রেজিস্টার–ভুক্তির দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবকেরা। পর্যায়ক্রমে তালিকা ধরে তাঁর নেতৃত্বে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এসব পরিবারে। খাদ্যসহায়তা পাওয়া ব্যক্তিরা যাতে সামাজিকভাবে লজ্জায় না পড়েন, সে জন্য বেশির ভাগ সহায়তা রাতের অন্ধকারে পৌঁছে দেওয়া হয়েছে। তবে অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে অনেক পরিবারে দিনের বেলাতেও সতর্কতার সঙ্গে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ইউএনও তমাল হোসেন আরও বলেন, ৩৩৩-এ খাদ্যসহায়তা চাওয়া পরিবারগুলোকে সরকারের গৃহীত কর্মসূচির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।