
নির্বাচনের আগে তড়িঘড়ি করে ‘গুলশান বহুতল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স’-এর উদ্বোধন করা হয়। এরপর ১৩ মাস পেরিয়ে গেছে, কিন্তু একটি গাড়িও ভবনটিতে পার্ক করা যায়নি। উল্টো ভবনের সামনে আইন অমান্য করে এখন গাড়ি পার্ক করা হচ্ছে।
রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে দৃশ্যমান ‘উন্নয়ন’ দেখানোই তখন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্দেশ্য ছিল। সে কারণে গাড়ি পার্কিংয়ের জন্য দরপত্র আহ্বান, ইজারাদার নিয়োগসহ কোনো প্রক্রিয়াই শেষ করা হয়নি। তবে এসব কথা বললেও কোনো কর্মকর্তাই নিজের নাম উদ্ধৃত করতে চাননি।
গুলশান-১ নম্বর এলাকায় ১৭ তলা এই ভবনের দুটি বেজমেন্ট ও দ্বিতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত মোট নয়টি ফ্লোরে (তলা) ২২৮টি গাড়ি রাখার ব্যবস্থা আছে। উদ্বোধনের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলেছিল, প্রথম দুই ঘণ্টার জন্য ২০ টাকা এবং পরবর্তী প্রতি ঘণ্টার জন্য ১০ টাকা হারে ভবনটিতে গাড়ি পার্ক করা যাবে। তখন প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছিল, গুলশান-১ এলাকার বিভিন্ন অফিস চলাকালে রাস্তার ওপর গাড়ি পার্কিং বন্ধ করা এবং যানজট কমাতে এই গাড়ি পার্কিং কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
রাজউক সূত্র বলছে, প্রতি মাসে এই ভবনের বিদ্যুৎ, গ্যাস ও পানির বিলও দিতে হচ্ছে রাজউককে। এ ছাড়া ভবনটিতে থাকা লিফটগুলো ব্যবহার না করায় তা নষ্ট হতে চলেছে।
গুলশানের তামান্না ফার্মেসির মালিক আনোয়ার হোসেন বলেন, ‘পার্কিং কমপ্লেক্সটি উদ্বোধনের পর আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু এটি যে শুধু লোক দেখানো, তা আগে বুঝিনি।’ একই মত অন্য ব্যবসায়ীদেরও।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কমপ্লেক্সের প্রকল্প পরিচালক ও রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘উদ্যোগ নিয়েও পার্কিং চালু করা সম্ভব হয়নি। ইজারা দেওয়ার জন্য দুই দফায় দরপত্র আহ্বান করা হয়। এরপর আর কাজ এগোয়নি।’
রাজউকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ছয় ঘণ্টা করে ২২৮টি গাড়ি ভবনটিতে পার্কিং করা হলে প্রতিষ্ঠানটির আয় হতো ১৩ হাজার ৬৮০ টাকা। সে হিসাবে ১৩ মাসে গাড়ি পার্কিং বাবদই রাজউকের আয় দাঁড়াত ৫৩ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।
ভবনে বাণিজ্যিক কার্যালয় (অফিস স্পেস) হিসেবে ভাড়া দেওয়ার জন্য সাতটি তলা (নয় থেকে ১৫) রয়েছে। প্রতি তলা পাঁচ হাজার বর্গফুটের। রাজউকের কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় বিভিন্ন বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের ভাড়া গড়ে দেড় শ টাকা। সে হিসাবে পাঁচ হাজার বর্গফুটের ভাড়া দাঁড়ায় মাসে সাড়ে ৫২ লাখ টাকা। কিন্তু ১৩ মাস ধরে এসব তলা খালি পড়ে থাকায় রাজউক প্রায় সাত কোটি টাকার আয় থেকে বঞ্চিত হয়েছে।
গুলশান-১ নম্বরে সিটি করপোরেশন মার্কেটের উল্টো দিকে প্রায় এক বিঘা জমির ওপর এই গাড়ি পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্সের অবস্থান। এটি রাজউকের প্রথম কার পার্কিং ভবন। রাজউকের আটটি অঞ্চলেই এ ধরনের গাড়ি পার্কিং ভবন নির্মাণের কথা রয়েছে।
গত রোববার পার্কিং কমপ্লেক্সে গিয়ে রাজউকের দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। ভবনের মূল প্রবেশপথ ও পেছনে গাড়ি ঢোকার পথটি বন্ধ দেখা যায়। একজন প্রহরী জানান, নিচতলায় ১০টি দোকানের মধ্যে পাঁচটি কিছুদিন আগে ভাড়া দেওয়া হয়েছে, তবে চালু হয়নি।
বেলা একটার দিকে গুলশান-১ নম্বর চৌরাস্তা থেকে নিকেতনের দিকে তাকানোর পর দেখা যায়, প্রায় আধা কিলোমিটারজুড়ে রাস্তার দুপাশে গাড়ি যানজটে আটতে আছে। সিএনজি অটোরিকশাচালক আবদুর রশিদ জানান, প্রায় ১৫ মিনিট ধরে তিনি একই জায়গায় রয়েছেন। ততক্ষণে গাড়ি পার্কিং কমপ্লেক্সের সমানে রীতিমতো গাড়ির (পার্কিং) ভিড় জমেছে।