গুলি করে বোমা মেরে আ.লীগ নেতাকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক ইয়াছ নবীকে লক্ষ্য করে গত বুধবার রাতে গুলি ও বোমা হামলা চালানো হয়েছে। এ হামলা থেকে তিনি অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর শ্যালক যুবলীগের নেতা আছের হালসানা গুরুতর আহত হয়েছেন। তাঁর ডান হাতের কবজি বোমায় ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় আছেরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইয়াছ নবী (৪৫) জানান, সম্প্রতি উপজেলার নতিপোতা ইউনিয়নকে প্রশাসনিকভাবে নাটুদহ ও নতিপোতা নামে দুটি ইউনিয়নে ভাগ করা হয়েছে। তিনি নাটুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচারণায় নেমেছেন। এতে ক্ষুব্ধ হয়ে দলীয় প্রতিপক্ষরা বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাসীদের দিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
নবগঠিত নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ইয়াছ নবী নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় ও জগন্নাথপুর দাখিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতিও। আহত আছের হালসানা (৪০) একই গ্রামের ছেলে এবং নতিপোতা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে বুধবার রাতে উপজেলার নাটুদহ ইউনয়নের জগন্নাথপুর গ্রামের মাহবুবুর রহমানের দোকানে বসে চা খাচ্ছিলেন ইয়াছ নবী। রাত পৌনে আটটার দিকে হঠাৎ ছয়-সাতজন দুর্বৃত্ত সেখানে এসে ইয়াছ নবীকে লক্ষ্য করে একটি গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ সময় আতঙ্কে সবাই পালাতে শুরু করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে ইয়াছ নবীকে লক্ষ্য করে পর পর চারটি বোমা ছোড়ে। এ সময় বোমার আঘাতে যুবলীগের নেতা আছের হালসনার ডান হাতের কবজি মারাত্মকভাবে ঝলসে যায়। তবে ইয়াছ নবীর কোনো ক্ষতি হয়নি। গুরুতর আহত আছেরকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে পাঠানো হয়।
আছেরের চাচাতো ভাই সদর হালসানা গত রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, আছের এখন শঙ্কামুক্ত।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, এ ঘটনায় ইয়াছ নবী গতকাল বৃহস্পতিবার বিকেলে হত্যা চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
দামুড়হুদা থানা ও নাটুদহ পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে গুলির খোসা ও বোমার স্প্লিন্টার উদ্ধার করেছেন।