গুলিবিদ্ধ 'মাদক ব্যবসায়ী'র মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের দাবি, পুলিশের গুলিতে মারা গেছেন তিনি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়।

নিহত ব্যক্তির নাম আলিয়া ভুলু (৪৮)। বাড়ি শহরের ফতে মোহাম্মদপুর বিহারি বাজার এলাকায়। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী। আজ শনিবার সকালে আলিয়া ভুলুর স্বজনেরা তাঁর লাশ নিতে হাসপাতালে গেছেন।

ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবদুল মজিদ মুঠোফোনে আলিয়া ভুলুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, আজ কোনো এক সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন। তিনি জানান, নিহত আলিয়া ভুলুর বিরুদ্ধে ঈশ্বরদীতে ১০টি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত ও এজাহারভুক্ত মাদক ব্যবসায়ী।

পুলিশের গুলিতে আলিয়া ভুলুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। আলিয়া ভুলুর ভাই একরাম হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়িতে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ভুলুকে আটক করে চোখ বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। এরপর গতকাল দিবাগত রাত দুইটার পর ঈশ্বরদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল আশরাফী তাঁকে মুঠোফোনে জানান, ঈশ্বরদী থানা থেকে খবর দিয়েছে, আলিয়া ভুলু পাবনা সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি। রাতেই তাঁরা হাসপাতালে গিয়ে দেখতে পান আলিয়া ভুলু পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে আছেন। ভুলু তাঁদের জানান, পুলিশ তাঁর পায়ে গুলি করেছে। এর কিছুক্ষণ পর ভুলু মারা যান।

এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।