গৃহকর বাড়বে না, দাবি চসিক মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রেজাউল করিম চৌধুরী
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দাবি করেছেন, নগরে কোনো ধরনের গৃহকর বৃদ্ধি করা হবে না। তবে করের আওতা বাড়ানো হবে। গৃহকর নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক গুজব ছড়ানো হচ্ছে।

রোববার সিটি করপোরেশনের ১২তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। নগরের আন্দরকিল্লায় পুরোনো নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে স্থাপনার ভাড়ার ভিত্তিতে পঞ্চবার্ষিকী গৃহকর পুনর্মূল্যায়ন করা হয়েছিল। আগে স্থাপনার আয়তনের ভিত্তিতে গৃহকর নেওয়া হতো। ভাড়ার ভিত্তিতে পুনর্মূল্যায়নের পর গৃহকর কয়েক গুণ বেড়ে যাওয়ায় আন্দোলন শুরু হয়। পরে তা স্থগিত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বর্তমান মেয়রের উদ্যোগের পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি এই স্থগিতাদেশ প্রত্যাহার করা নেয় মন্ত্রণালয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১৬-১৭ অর্থবছরে করা পঞ্চবার্ষিকী গৃহকর পুনর্মূল্যায়ন শেষে ২ হাজার ৫৪৭টি সরকারি হোল্ডিংয়ের বিপরীতে বার্ষিক গৃহকর নির্ধারণ করা হয় ২৭৫ কোটি ৭৪ লাখ টাকা। এর আগে ছিল ৫৬ কোটি ২১ লাখ টাকা। অর্থাৎ, বছরে বার্ষিক দাবি বেড়েছে ২১৯ কোটি টাকা। বেসরকারি খাতে ৭৫ কোটি টাকার জায়গায় গৃহকর দাঁড়ায় ৫৭৫ কোটি টাকা।

রোববারের সাধারণ সভায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গৃহকর নিয়ে অসংগতি দূর করার জন্য দুটি রিভিউ কমিটি রয়েছে। এখন আরও দুটি কমিটি গঠন করা হবে। আপিলের মাধ্যমে সহনীয় পর্যায়ে গৃহকর নির্ধারণ করা হবে।

সাধারণ সভায় অংশ নেওয়া এক কাউন্সিলর প্রথম আলোকে বলেন, সভায় একজন কাউন্সিলর মেয়রের কাছে জানতে চান, যেসব জায়গায় আওতা বৃদ্ধি করা হবে সেখানে কিসের ভিত্তিতে গৃহকর আদায় করা হবে? আর আগের যে পঞ্চবার্ষিকী কর পুনর্মূল্যায়ন করা হয়েছে তার কী হবে? তবে মেয়র এই বিষয়ে স্পষ্ট কোনো জবাব দেননি।

এদিকে সভায় নগরের বারিক বিল্ডিং থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কের নাম ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ করার সিদ্ধান্ত হয়েছে। সড়কটি বর্তমানে বিমানবন্দর সড়ক নামে পরিচিত। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা দেওয়া রাজনীতিবিদ এম এ হান্নানের কবরে তাঁর কীর্তিগাথার নামফলক স্থাপন এবং চট্টগ্রামের বরণীয় ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে তাঁদের কৃতিত্বের বিবরণসহ স্মৃতিফলক স্থাপনের ঘোষণা দেন মেয়র।

নগরের খাল ও নালা-নর্দমার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ওয়াসাসহ নানা সেবা সংস্থার খোঁড়াখুঁড়ির কারণে কেটে ফেলা রাস্তা দ্রুত সংস্কারের জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন তিনি।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় সভায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।