গৃহকর বাড়ানোর ঘোষণায় অসন্তোষ, মেয়রের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর (হোল্ডিং ট্যাক্স) বাড়ানোর ঘোষণা দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। সিটি করপোরেশন হওয়ার পর প্রথমবারের মতো এই পদক্ষেপ নিয়েছে তারা। বাসিন্দারা বলছেন, হঠাৎ অস্বাভাবিক হারে কর বাড়ানোয় তাঁরা বিপাকে পড়েছেন। বিষয়টি নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে সোমবার বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক। বৈঠকে তিনি নাগরিক অসন্তোষের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১০ দিনের মধ্যে গৃহকর কমানোর আশ্বাস দেন।

জানতে চাইলে সিটি মেয়র ইকরামুল হক বলেন, ‘নতুন করহার নিয়ে নাগরিকদের অসন্তোষের বিষয়টি আমরা জেনেছি। সোমবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠক করেছি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১০ দিনের মধ্যে বিষয়টি পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত জানানো হবে। তার আগে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা আবারও নিজ নিজ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। নাগরিকদের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন থেকে প্রশাসন, শিক্ষা ও পরিচ্ছন্নতার ওপর কর আদায় করে থাকে সিটি কর্তৃপক্ষ। এর আগে ময়মনসিংহ পৌরসভা নাগরিকদের কাছ থেকে এ ধরনের কর আদায় করত।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহে গৃহকর বাড়ানো হয়। এবার কর বাড়ানোর আগে সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলরদের মতামত নেওয়া হয়েছে। সবার মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার গুরুত্ব বিবেচনা করেই নতুন কর নির্ধারণ করা হয়। তা ছাড়া নতুন করে ধার্য কর ২০২৪ সাল পর্যন্ত বলবৎ থাকবে। সে হিসেবে খুব বেশি হারে কর বাড়ানো হয়নি।

সোমবার দুপুরে সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় উন্মুক্ত করে রাখা হয়েছে বিভিন্ন ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স ভলিউম। কর বৃদ্ধির খবর শুনে অনেক গ্রাহক সেখানে এসে ভিড় জমিয়েছেন। তাঁরা চোখেমুখে উদ্বেগ নিয়ে নিজেদের বাড়ির নতুন কর কত হলো, তা দেখে নিচ্ছেন ওই ভলিউম থেকে।

সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের মূল্যায়ন শাখা বলছে, কর নির্ধারণের স্বার্থে সিটি করপোরেশনের আওতাধীন এলাকাগুলোকে ক, খ ও গ অঞ্চলে ভাগ করা হয়েছে। ‘ক’ অঞ্চলে পাকা বাড়ির (আবাসিক) কর নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুটে ৩ টাকা। পরিমাণটা আগে ছিল ২ টাকা। আধপাকা বাড়ির (আবাসিক) কর প্রতি বর্গফুটে ২ টাকা ২৫ পয়সা; আগে ছিল ১ টাকা ৫০ পয়সা। ‘ক’ অঞ্চলে কাঁচা বাড়ির জন্য প্রতি বর্গফুটে কর নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৯০ পয়সা। এটা আগে ছিল শুধু ৫০ পয়সা।

‘খ’ অঞ্চলে আবাসিক এলাকার গৃহকর ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। পাকা বাড়ির জন্য প্রতি বর্গফুটে এখন কর দিতে হবে ২ টাকা ২৫ পয়সা। আধপাকা বাড়ির ক্ষেত্রে এটা ১ টাকা ৯০ পয়সা এবং কাঁচা বাড়ির ক্ষেত্রে ১ টাকা ৫০ পয়সা। ‘গ’ অঞ্চলের আবাসিক এলাকায় কর বেড়েছে ১০০ শতাংশ। পাকা বাড়ির জন্য প্রতি বর্গফুটে ২ টাকা ২৫ পয়সা, আধপাকা বাড়ির জন্য ১ টাকা ৯০ পয়সা এবং কাঁচা বাড়ির জন্য ১ টাকা করে কর দিতে হবে। আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক এলাকার ভবনের ক্ষেত্রে একইভাবে গৃহকর বাড়ানো হয়েছে।

প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ পালের ৮০০ বর্গফুটের আধপাকা বাড়ি আছে সিটি করপোরেশন এলাকায়। এ জন্য তিনি প্রতিবছর ১ হাজার ১৫০ টাকা কর দিয়ে আসছেন। নতুন কর কার্যকর হলে তাঁকে বছরে দিতে হবে ৮ হাজার ৩০৬ টাকা।

নাগরিক সংগঠন জনউদ্যোগ ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, নতুন নির্ধারিত কর বেশি হয়েছে বলে নাগরিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তবে আশার কথা হচ্ছে, সিটি করপোরেশনের মেয়র বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।