গৃহকর হার না বাড়ানোর ঘোষণা মেয়রের
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, গৃহকরের হার বাড়ানো হবে না। ভবনের বর্ধিত বা সম্প্রসারিত অংশের জন্য অযৌক্তিক কর ধার্য করা হবে না। তবে গৃহকর আদায়ের আওতা ও পরিধি বাড়ানো হবে।
আজ বৃহস্পতিবার সিটি করপোরেশনের পঞ্চম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এই কথা বলেন মেয়র। ভার্চ্যুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরবাসীর কাছ থেকে নেওয়া কর দিয়ে চলে সিটি করপোরেশন। কিন্তু এই আয় দিয়ে সেবার পরিধি বাড়ানো কিছুতেই সম্ভব নয়। তাই নিজস্ব জায়গায় আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ইমারত, জমি বা স্থাপনার বার্ষিক কর পুনর্মূল্যায়নের অনুমোদন দেয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশনও গৃহকর পুনর্মূল্যায়নের বিষয়ে নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়কে চিঠি দেয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন দায়িত্বে থাকার সময় স্থাপনার ভাড়ার ভিত্তিতে পঞ্চবার্ষিকী গৃহকর পুনর্মূল্যায়ন করা হয়। এতে আগের তুলনায় গৃহকর কয়েক গুণ বেড়ে যায়। ওই সময় এর বিরোধিতা করেছিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন সংগঠন। আন্দোলনের মুখে তা স্থগিত করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এদিকে চলমান জলাবদ্ধতার দায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) নিতে হবে বলে সভায় মন্তব্য করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। বর্ষার আগেই খালগুলো থেকে বাঁধ অপসারণের জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্তু সিডিএ কর্তৃপক্ষ কথা দিয়ে কথা রাখেনি। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ বাড়ানো হলেও নগরবাসীকে জলজট থেকে মুক্ত করার জন্য সিডিএ কী করছে?
মেয়রের এই অভিযোগ অস্বীকার করেছেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস। তিনি প্রথম আলোকে বলেন, খালের বাঁধগুলো কেটে দেওয়া হয়েছে। আর সিটি করপোরেশন তিন ফুটের নিচে নালাগুলো ঠিকমতো পরিষ্কার করছে না বলে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।
আগামী কোরবানির ঈদের দিন ১২ ঘণ্টার মধ্যে পশুর বর্জ্য মুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, এই ব্যাপারে পরিচ্ছন্ন ও যান্ত্রিক বিভাগকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তিনি বিভিন্ন নির্দেশনা দেন এই বিষয়ে।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মো. সাহেদ ইকবাল, মোহাম্মদ ইসমাইল, নাজমুল হক, নিছার আহমেদ, হাসান মুরাদ প্রমুখ।