গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিকের ছেলের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী গৃহকর্মী তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগে বাড়ির মালিকের ছেলের নামে মামলা হয়েছে। ওই তরুণীর বাবা বাদী হয়ে রোববার রাতে মাহবুব আলম ওরফে আবুকে (৩৫) আসামি করে তেঁতুলিয়া থানায় ধর্ষণ মামলাটি করেন। ওই গৃহকর্মী সাড়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে তেঁতুলিয়া উপজেলায় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন ওই তরুণী। বাড়ির মালিকের ছেলে মাহবুব আলম অবৈধ সম্পর্ক তৈরি করে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাঁকে নানাভাবে ভয়ভীতিও দেখান। একপর্যায়ে ওই গৃহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গত শুক্রবার গৃহকর্মী অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়। পরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহকর্মীকে ভর্তি করা হয়। এর পর থেকে অভিযুক্ত মাহবুব আলম পলাতক।

স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য জানিয়েছেন, তরুণী দীর্ঘদিন ধরে একই বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি চোখে স্পষ্ট দেখতে পেতেন না এবং তাঁর বুদ্ধিও কম। তিনি ওই তরুণীকে প্রতিবন্ধী ভাতার কার্ডও করে দিয়েছিলেন। প্রতিবন্ধী মেয়ের সঙ্গে এমন ঘটনা সত্যিই অন্যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তরুণীর পরিবারের করা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে তাঁকে ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলা হয়েছে। তরুণীর স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।