গৃহবধূ হত্যার অভিযোগে স্বামীকে রশি দিয়ে বাঁধলেন এলাকাবাসী
ঢাকার ধামরাই উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর স্বামীকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ।
নিহত ওই গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২২)। তিনি সিলেটের সুনামগঞ্জের হায়েজুল ইসলামের মেয়ে। ফাতেমার স্বামী তামিম হোসেন (২৫) হাতকোড়া গ্রামের আবদুল বারেকের ছেলে। তামিম দিনমজুরের কাজ করেন বলে জানা গেছে।
নিহতের স্বজনদের ভাষ্য, প্রায় দুই বছর আগে ফাতেমা ও তামিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর আগে একবার ফাতেমা বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। আজ দুপুরে তামিম ও ফাতেমার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে ধারালো দা দিয়ে ফাতেমার ঘাড়ে ও বুকে তামিম একাধিক কোপ দেন বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
এ ঘটনার পর তামিম ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা তামিমকে আটক করে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে ধামরাই থানা–পুলিশ ঘর থেকে ফাতেমার লাশ উদ্ধার করে এবং তামিমকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস প্রথম আলোকে বলেন, তামিম মাদকাসক্ত বলে প্রতিবেশীরা দাবি করেছেন। এটাই তাঁদের পারিবারিক কলহের অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।