গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে মামলা
জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় তাঁর স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে মামলাটি করেন নিহত গৃহবধূর বাবা হাসান আলী।
মামলায় নিহত তানিয়া আক্তারের স্বামী আবু তাহের, তাঁর শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করা হয়েছে। মামলার পর প্রধান আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি নিহত গৃহবধূর স্বামী আবু তাহেরকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহেরের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রী তানিয়া আক্তারের পারিবারিক কলহ চলছিল। প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি। গতকাল দুপুরে বাড়িতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন আবু তাহের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।