গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক গৃহবধূকে (১৮) দল বেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে ছোটবাইশদিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা করলে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গলাচিপার দক্ষিণ চরআগস্তি গ্রামের বাপ্পি প্যাদা (২৪) ও রাঙ্গাবালীর আরিফ খান (২৩)। এ ছাড়া ওই গৃহবধূর এক স্বজনকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে তাঁর স্বজনের সঙ্গে বাবার বাড়িতে যাচ্ছিলেন। গলাচিপার চরআগস্তি হাক্কাঘাট খেয়াঘাটে ওই গৃহবধূকে নিয়ে তাঁর স্বজন আরিফ খানের ইঞ্জিনচালিত ট্রলারে ওঠেন। এরপর ওই ট্রলারে আরও তিন যাত্রী উঠে পড়ে। একপর্যায়ে ট্রলারটি এক নির্জন বনের মধ্যে প্রবেশ করে। সেখানে ট্রলারের ভেতরেই ওই গৃহবধূকে প্রথমে তাঁর স্বজন এবং পরে অন্য আসামিরা পালাক্রমে ধর্ষণ করেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি ওই গৃহবধূর স্বজনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।