গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
ঝালকাঠিতে দাম্পত্য কলহের জেরে পারভিন আক্তার নামের (২৫) এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার বেরমহল গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, পারভিন আক্তার চাঁদপুর সদর উপজেলার কল্যাণদি এলাকার জিন্নাত আলী মোল্লার মেয়ে। আড়াই বছর আগে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের মৃত আবু হানিফের ছেলে তানজিল হাওলাদারের (৩২) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ১৮ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এক বছর ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল পারভিন আক্তারের। এ অবস্থায় একমাস আগে পারভিন আক্তার তাঁর কন্যাসন্তানকে নিয়ে ঢাকায় চলে যান। কিছুদিন আগে তিনি জানতে পারেন, স্বামী তাঁকে তালাক দিয়েছেন। এর সত্যতা যাচাই করতে গতকাল মঙ্গলবার সকালে তিনি স্বামীর বাড়ির পাশের একটি ঘরে ওঠেন।
রাত ১১টার দিকে তাঁর ফোনে কল এলে তিনি দরজা খুলে বাইরে বের হন। এর পর থেকেই নিখোঁজ পারভীন। সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে রাতে পারভিনকে ডেকে নিয়ে তাঁর স্বামী হত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে পিটিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী তানজিল হাওলাদার পলাতক।