গৃহবধূকে ‘যৌনকর্মী’ সাজানোর অভিযোগ, ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা গত নভেম্বর মাসের। মাসের শেষের দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার এক কলেজছাত্র এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই ঘটনায় গৃহবধূ থানায় মামলা করতে যান। কিন্তু মামলা না নিয়ে উল্টো তাঁকে ‘যৌনকর্মী’ অপবাদ দিয়ে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় ওই গৃহবধূর মা শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান এবং সদ্য বদলি হওয়া এসআই রতন কুমার রায়ের বিরুদ্ধে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে রোববার মামলা করেছেন। আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার অভিযোগ আমলে নিয়ে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।

মামলার আরজি ও ওই গৃহবধূর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সিহালী ফকিরপাড়া গ্রামের কলেজছাত্র রামিম হাসানের। রামিম হাসানের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় তরুণীর পরিবার তাঁকে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। কিন্তু বিয়ের পরও রামিম হাসান মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করতেন, কুপ্রস্তাব দিতেন।

মেয়েটির মা মামলার এজাহারে উল্লেখ করেন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রামিম হাসান গত ২৪ নভেম্বর দুপুরে তাঁর মেয়ের ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার ও রামিম হাসানকে আটক করেন। এ ঘটনায় তাঁরা শিবগঞ্জ থানায় রামিম হাসানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দিতে যান।

ওই সময় থানার ওসি এস এম বদিউজ্জামান এবং এসআই রতন কুমার রামিম হাসানের পক্ষ নিয়ে তাঁর মেয়েকে গালমন্দ ও মানসিক নির্যাতন করেন। গালমন্দ না করার অনুরোধ করায় এসআই রতন কুমার তাঁর মেয়েকে চর মেড়ে থানার হাজতখানায় ঢুকিয়ে দেন।

গৃহবধূর মা বলেন, চরিত্রবান হওয়া সত্ত্বেও ওসি এবং এসআই তাঁর মেয়েকে খারাপ চরিত্রের নারী সাজিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাঁর মেয়ের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাঁর মেয়েকে ২৫ নভেম্বর কারাগারে পাঠানো হয়। পরদিন আদালত থেকে তাঁর মেয়ে জামিনে ছাড়া পান।

এ বিষয়ে ওই গৃহবধূ বলেন, রামিম হাসান বিয়ের পর থেকে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দিতে গেলে পুলিশ টাকার বিনিময়ে প্রভাবিত হয়ে তাঁকে (রামিম হাসান) রক্ষা করতে ধর্ষণচেষ্টার মামলা গ্রহণ করেনি। উল্টো পুলিশ তাঁকেই ‘খারাপ চরিত্রের মেয়ে’ সাজিয়ে আপত্তিকর ধারায় মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে তিনি লোকলজ্জায় কাউকে মুখ দেখাতে পারছেন না।

রামিম হাসান বিয়ের পর থেকে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দিতে গেলে পুলিশ টাকার বিনিময়ে প্রভাবিত হয়ে তাঁকে (রামিম হাসান) রক্ষা করতে ধর্ষণচেষ্টার মামলা গ্রহণ করেনি। উল্টো পুলিশ তাঁকেই ‘খারাপ চরিত্রের মেয়ে’ সাজিয়ে আপত্তিকর ধারায় মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ
ওই নারীকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে মারধর বা অশ্লীল ভাষায় গালমন্দ করার অভিযোগ সঠিক নয়।
এস এম বদিউজ্জামান, ওসি, শিবগঞ্জ থানা

ওই গৃহবধূকে খারাপ চরিত্রের নারী সাজিয়ে তাঁর বিরুদ্ধে মামলা ও তাঁকে চড় দেওয়ার অভিযোগের বিষয়ে এসআই রতন কুমার রায় রোববার রাত সাড়ে নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে যাই। স্থানীয় লোকজন ওই নারী এবং একজন তরুণকে আটক করে রেখেছিলেন। পরে তাঁদের থানায় নিয়ে আসা হয়। জন–উপদ্রব সৃষ্টির অভিযোগে তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই নারীকে কোনো প্রকার মারধর, নির্যাতন কিংবা অশ্লীল গালিগালাজ করার অভিযোগ ভিত্তিহীন। আমি ৬ ডিসেম্বর শিবগঞ্জ থানা থেকে বদলি হয়ে ডিএমপিতে যোগদান করেছি। এক সপ্তাহ পর আমার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বলে রোববার জেনেছি।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ওই নারীকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে মারধর বা অশ্লীল ভাষায় গালমন্দ করার অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ২৪ নভেম্বর তিনি ছুটিতে ছিলেন। পরে ঘটনাটি জেনেছেন। তিনি খোঁজ নিয়ে জেনেছেন মেয়েটি যৌনকর্মী নন, গৃহবধূ।