গৃহবধূকে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গৃহবধূ জাহিদা আক্তারকে (২০) হত্যার অভিযোগে করা মামলায় তাঁর শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে গৃহবধূর স্বামী নাছিম সোনার পলাতক।

গ্রেপ্তার দুজন হলেন শফিউল ইসলাম ও তাঁর স্ত্রী শাহনাজ বেগম (৪৫)। নিহত জাহিদা রংপুরের পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজে বাংলা বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর স্বামী নাছিম একটি সেতুতে গাড়ির ওজন মাপার কাজ করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের কেশবপুর গ্রামের কৃষক শাহাদুল ইসলামের মেয়ে জাহিদার সঙ্গে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিউল ইসলামের ছেলে নাছিম সোনারের বিয়ে হয়। বিয়ের পর থেকে নাছিম মুঠোফোনে অন্য এক মেয়ের সঙ্গে কথা বলতেন। এ নিয়ে প্রতিবাদ করায় স্ত্রী জাহিদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তিনি। এর জের ধরেই শুক্রবার সকাল আটটার দিকে শোবার ঘরের ছাদের কাঠের সঙ্গে জাহিদার লাশ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা শাহাদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে থানায় হত্যা মামলা করেন। তিনি বলেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের তিনি বিচার চান।

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরিফ আলী বলেন, লাশ ঝুলে থাকার ধরন দেখে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে কৌশলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা গেলেও অভিযুক্ত স্বামী পলাতক আছেন।