গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রপুর গ্রামে গৃহবধূর শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সাথী বেগম (২০)। তিনি একই উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের ফসিয়ার মোল্লার মেয়ে। হত্যার অভিযোগে আটক তাঁর স্বামী হলেন নাসির মৃধা (৩২)। দুই বছর আগে নাসির মৃধার সঙ্গে সাথী বেগমের বিয়ে হয়। তাঁদের সাত মাস বয়সের একটি ছেলে আছে।

নিহত সাথী বেগমের বড় ভাই সবুজ মোল্লা অভিযোগ করেন, সাথীর স্বামী নাসিরের এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক হয়। এ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়া ছিল। এর জের ধরে সাথীকে হত্যা করা হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে গতকাল দিবাগত রাত দুইটার দিকে থানায় আনা হয়েছে। তাঁর গলায় রশি ও আঁচড়ের দাগ আছে। এটি হত্যাকাণ্ড বলে ওই নারীর পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে আটক করে আনা হয়েছে থানায়। লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।