গৃহবধূর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে এক গৃহবধূ গত শুক্রবার হাসপাতালে মারা গেছেন। গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। তাঁর বাবার বাড়ি সদর উপজেলার সরস্বতী গ্রামে। তানিয়া উপজেলার সুয়াপাড়া এলাকার আনোয়ার খানের ছেলের স্ত্রী।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া জ্বরে আক্রান্ত হলে শুক্রবার সন্ধ্যায় তাঁকে ইউনিয়নের ভাঙ্গা এলাকার গ্রাম্য চিকিৎসক বাবুল আহমেদের কাছে নিয়ে যাওয়া হয়। বাবুল তানিয়ার শরীরে প্রথমে দুটি ইনজেকশন দেন। এরপর শরীরে স্যালাইন পুশ করেন। পরে রাতে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার চাচা মো. সুজন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ইনজেকশন ভুল জায়গায় পুশ করা হয়েছিল। সেখানে নীল হয়ে গেছে। ভুল চিকিৎসার কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে জানতে বাবুল আহমেদের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ ভূঁইয়া বলেন, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না। গৃহবধূর পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি।