গৃহবন্দী বানরশাবক উদ্ধার, ছাড়া হবে বনে
বানরশাবক কুড়িয়ে পাওয়ার পর নিজের কাছে রেখে পুষতেন মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকার এক কলেজশিক্ষার্থী। গতকাল রোববার ওই শিক্ষার্থীর কাছ থেকে শাবকটি উদ্ধার করেছে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
উদ্ধারের পর বানরশাবকটি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ে এনে রাখা হয়েছে। পর্যবেক্ষণের জন্য পরে এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া রেসকিউ সেন্টারে রাখা হবে। মুক্ত পরিবেশের উপযোগী হয়ে উঠলে বনে অবমুক্ত করা হবে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উত্তর কলিমাবাদ এলাকার এক কলেজশিক্ষার্থী দুই মাস ধরে বানরশাবকটি নিজের কাছে রেখে পুষতেন। তিনি এটিকে কুড়িয়ে পেয়েছিলেন। বর্তমানে শাবকটি সুস্থ আছে।
ওই শিক্ষার্থীর কাছে বানরশাবক আছে—এমন খবর দেয় বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজার্ড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ)।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার সদর রেঞ্জ কর্মকর্তা গোলাম ছারওয়ার আজ সোমবার বলেন, কোনো বন্য প্রাণী পোষা যায় না। এটা ওই শিক্ষার্থীকে বোঝানো হলে তিনি নিজেই বানরশাবকটি হস্তান্তর করেন। উন্মুক্ত পরিবেশের উপযোগী হলেই এটি লাউয়াছড়া উদ্যানে ছেড়ে দেওয়া হবে।