দুই বছর আগে গৃহহীন হিসেবে সরকারি পাকা ঘর পান ইকবাল সেপাই। সম্প্রতি সেই ঘরে লাগিয়েছেন শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। ঘরে রয়েছে এলইডি টেলিভিশন, রেফ্রিজারেটর ও খাট। ব্যবহার করেন আকাশ ডিটিএইচ। চলাচল করেন দামি মোটরসাইকেলে। নিজের টাকায় সরকারি ঘরের সম্প্রসারণ কাজও শুরু করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় অতিদরিদ্র হিসেবে পাওয়া ঘরে ইকবাল সেপাইয়ের এমন বসবাস নিয়ে এলাকায় আলোচনা চলছে।
ইকবাল সেপাই পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামের আলমগীর সেপাইয়ের ছেলে। ইকবাল জাতীয় পার্টির (জেপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রসমাজের বালিপাড়া ইউনিয়ন শাখার আহ্বায়ক। শুধু ইকবালই নন, উপজেলার মধ্য বালিপাড়া গ্রামে যুবসংহতির কর্মী মিজানুর রহমান, মধ্য ইন্দুরকানি গ্রামের এমদাদুল ঘরামী ও দক্ষিণ ইন্দুরকানি গ্রামের বিপ্লব মিস্ত্রীসহ আরও কয়েকজন সচ্ছল ব্যক্তি ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘর পেয়েছেন।
তাঁর আর্থিক অবস্থা খারাপ দেখেই ঘর বরাদ্দ দেওয়া হয়। এখন যদি তাঁর আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তিনি ওই ঘরে এসি লাগান, এখানে আমাদের কী করার আছে?
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, রাজনৈতিক বিবেচনায় কিছু ঘর সচ্ছলদের দেওয়া হয়েছে। ইকবাল সেপাই ড্রেজার ব্যবসা করেন। তাঁর মাসিক আয় ৫০ হাজার টাকার ওপরে। চলেন দুই লাখ টাকা মূল্যের পালসার মোটরসাইকেলে।
এ বিষয়ে জানতে চাইলে ইকবাল সেপাই বলেন, ‘দুই বছর আগে আমি যখন সরকারি ঘর বরাদ্দ পাই, তখন আমার ঘর–জমি কিছুই ছিল না। বাবার দান করা জমিতে সরকার থেকে বরাদ্দকৃত ঘর নির্মাণ করা হয়েছে। এরপর আমি রাত-দিন পরিশ্রম করে আর্থিক অবস্থার পরিবর্তন করেছি। এখন সচ্ছলতা এসেছে। বালুর ব্যবসা ও মাটির কাটার কাজ ঠিকাদারি নিয়ে ভালো আয় করছি। আমার সন্তানের গরমে কষ্ট হয়। এ জন্য কিস্তিতে এসি কিনেছি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ইন্দুরকানি উপজেলায় ৫৪৪টি গৃহ নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশে কিছু ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। যেগুলোর অধিকাংশ জাতীয় পার্টি (জেপি) ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পেয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, ‘গৃহহীনদের তালিকায় বালিপাড়া গ্রামে ইকবাল সেপাইয়ের নামে একটি ঘর হস্তান্তর করা হয়েছে। যখন তাঁকে ঘর দেওয়া হয়েছিল, তখন তাঁর আর্থিক অবস্থা খারাপ দেখেই ঘর বরাদ্দ দেওয়া হয়। এখন যদি তাঁর আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তিনি ওই ঘরে এসি লাগান, এখানে আমাদের কী করার আছে?’
ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম বলেন, ইকবাল সেপাইয়ের নিজের কোনো জমি ছিল না। তাঁর বাবা জেলা প্রশাসকের নামে তিন শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। এরপর সেই জমিতে স্থানীয় সংসদ সদস্যর সুপারিশে ইকবালকে ঘর করে দেওয়া হয়।