গোদাগাড়ীর গাছে পাকা বনাম মাঠে পাকা টমেটো

গায়ের রং লাল, তবে বোঁটা সবুজ। কোনো হরমোন ছাড়াই গাছে পাকা টমেটোর চেহারা এ রকমই। প্রথমবারের মতো রাজশাহীর গোদাগাড়ীতে এই পদ্ধতিতে টমেটো চাষ শুরু হয়েছে। পাশাপাশি গাছ থেকে নামিয়ে মাঠে ছড়িয়ে হরমোন ছিটিয়ে আট দিন রোদে জাগ দিয়ে কাঁচা টমেটোকে লাল করা হচ্ছে। এ ক্ষেত্রে বোঁটা আর সবুজ থাকছে না। কোন পদ্ধতিতে টমেটো পাকানো হয়েছে, বোঁটা দেখলেই বোঝা যাবে। টমেটো উৎপাদনে দেশে গোদাগাড়ীর নাম উল্লেখযোগ্য।
গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার গোদাগাড়ীতে আড়াই হাজার হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। এর মধ্যে নতুন পদ্ধতিতে, অর্থাৎ হরমোন ছাড়াই প্রাকৃতিকভাবে গাছে পাকানো পদ্ধতিতে ৪০ বিঘা জমিতে টমেটো চাষ হয়েছে।
গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর ব্লকের চৈতন্যপুর গ্রামে ১৪ বিঘা জমিতে নতুন পদ্ধতিতে টমেটো চাষ করেছেন চাষি মনিরুজ্জামান। গত শনিবার তিনি এ মৌসুমে প্রথম টমেটো তুলেছেন। প্রথম দিনে তাঁর ১০ মণ টমেটো উঠেছে। সবটাই ঢাকায় পাঠিয়েছেন। পাইকারি দাম পেয়েছেন ১ হাজার ৪০০ টাকা মণ। গতকাল রোববারও গাছ থেকে পাকা টমেটো ওঠানো হচ্ছিল। একই সঙ্গে নারী শ্রমিকেরা খেতের পরিচর্যা করছিলেন। খেতে যেন একটা উৎসবের আমেজ।
মনিরুজ্জামান গত বছর এক বিঘা সাত কাঠা জমিতে টমেটো চাষ করেছিলেন। তাঁর হিসাবমতে এক বিঘা জমিতে টমেটো পাকা পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকা খরচ হচ্ছে। তিনি গড় বাজারদর হিসাব করে দেখেছেন, সব খরচ বাদ দিয়ে এক বিঘা জমি থেকে এই পদ্ধতিতে টমেটো চাষ করে ৮০ হাজার থেকে এক লাখ টাকা আয় হতে পারে। পোকা দমনের জন্য সেক্সফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। তিনি বলেন, প্রাকৃতিকভাবে যে পোকা কিছুতেই দমন করা যায় না, সে ক্ষেত্রে শুধু স্বীকৃত ও সহনীয় মাত্রায় বালাইনাশক ব্যবহার করেছেন।
মনিরুজ্জামানের খেতেই দেখা হয় উপজেলা কৃষি কার্যালয়ের ঈশ্বরীপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকারের সঙ্গে। তিনি বলেন, টমেটোর এই জাতের নাম ‘বিজলি-১১’। এর জীবনকাল ছয় মাস। ১ সেপ্টেম্বর বীজতলা করা হয়। এক মাস পরে সারিতে চারা রোপণ করা হয়। ডিসেম্বরের ১০ তারিখ থেকেই টমেটো পাকতে শুরু করে। আড়াই মাস ধরে ফলন পাওয়া যায়।
মনিরুজ্জামানকে দেখে উৎসাহিত হয়ে উপজেলার গোপালপুর গ্রামের চাষি এনামুল হক তিন বিঘা, ঈশ্বরীপুরের উজ্জ্বল হোসেন এক বিঘা ও চৈতন্যপুরের জিয়ারুল ১৬ কাঠা জমিতে এই পদ্ধতিতে এবার টমেটো চাষ করেছেন। তাঁরা বললেন, হরমোন দিয়ে যে টমেটো পাকানো হয়, স্থানীয়ভাবে তাকে ‘প্লাস্টিক’ টমেটো বলা হয়। এই টমেটো চাষ করতে বাঁশের খরচ হয় না। কাঁচা টমেটো তুলে হরমোন দিয়ে রং লাল করে আগাম বাজার ধরা হয়। কিন্তু ওই টমেটোর কোনো স্বাদ পাওয়া যায় না। তাঁরা বলেন, প্রাকৃতিকভাবে পাকানো টমেটোর উৎপাদন খরচ বেশি পড়ছে। একটু বেশি দাম না পেলে চাষিরা এই পদ্ধতিতে চাষ করতে উৎসাহী হবেন না।
চৈতন্যপুর থেকে ফেরার সময় দেখা যায়, উপজেলার ছয়ঘাটি গ্রামের একটি মাঠে টমেটো ছড়িয়ে হরমোন ছিটানো হচ্ছে। এভাবে গোদাগাড়ীতে দীর্ঘদিন টমেটোর চাষ করা হচ্ছে। এখান থেকে সরা দেশে শীতকালীন টমেটো সরবরাহ করা হয়।