রংপুরে পশুপালন
গোখাদ্য কিনতে নাভিশ্বাস
গত ১০ দিনে বিভিন্ন গোখাদ্যের দাম কেজিতে গড়ে ৭ টাকা বেড়েছে। তিন বছরের ব্যবধানে বেড়েছে ১৫-২০ টাকা।
নিত্যপণ্যের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গোখাদ্যের দাম। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় গত ১০ দিনের ব্যবধানে বিভিন্ন গোখাদ্যের দাম কেজিতে গড়ে ৭ টাকা বেড়েছে। সংসারের চাহিদা মেটাতে যখন হিমশিম অবস্থা, তখন গোখাদ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে কৃষকদের।
দুই উপজেলার পশুপালনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খড় ও ঘাসের পাশাপাশি গরু-ছাগলকে গমের ভুসি, ডালের খোসা, চালের খুদ, ধানের কুঁড়া এবং বিভিন্ন কোম্পানির তৈরি কৃত্রিম ফিড (দানাদার খাদ্য) খাওয়ানো হয়। দুই উপজেলার ৬ জন গোখাদ্য ব্যবসায়ী বলেন, গত ১০ দিনে গমের ভুসি কেজিতে ৯ টাকা, ডালের খোসায় ৬, চালের খুদে ১১ ও ধানের কুঁড়াতে বেড়েছে ৪-৫ টাকা।
এমন অবস্থায় গোখাদ্যে ভর্তুকি প্রদান ও বর্ধিত খাদ্যের দামের সঙ্গে দুধ, ডিম ও মাংসের দাম সমন্বয়ের দাবিতে গত মঙ্গলবার দুপুরে তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় খামারিরা। পরে একই দাবিতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
ওই মানববন্ধনে অংশ নেওয়া তারাগঞ্জের ইকরচালি গ্রামের গরুর খামারি রতন সরকার বলেন, ‘হামার কষ্ট তো কায়ও বোঝে না, শোনে না। গরুর খাবারের দাম হু হু করি বাড়ছে। কিন্তু দুধের দাম যা, তা-ই আছে। দাম না কমালে খামার বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।’
স্থানীয় বিভিন্ন গোখাদ্যের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালে গমের ভুসি প্রতি বস্তা (৩৭ কেজি) ১ হাজার ২৪০ টাকা, ডালের খোসা প্রতি বস্তা (২৫ কেজি) ৯৫০, চালের খুদ প্রতি বস্তা (৫০ কেজি) ৭৫০, দানাদার ফিড প্রতি বস্তা (২৫ কেজি) ৬৫০ ও ধানের কুঁড়া প্রতি কেজি ৭-৮ টাকা দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে প্রতি কেজি ভুসি ৩৪ টাকা, ডালের খোসা ৩৮, চালের খুদ ১৫ ও দানাদার ফিড ২৬ টাকা ছিল। বর্তমানে প্রতি বস্তা ভুসি ১ হাজার ৮০০ টাকা, ডালের খোসা দেড় হাজার, চালের খুদ ১ হাজার ৭৫০ ও দানাদার খাদ্য ৯৯৫ টাকায় বিক্রি হচ্ছে; অর্থাৎ প্রতি কেজি ভুসি তিন বছরের ব্যবধানে ১৫ টাকা বেড়ে ৪৯ টাকা, ডালের খোসা ২২ টাকা বেড়ে ৬০, চালের খুদ ২০ টাকা বেড়ে ৩৫ ও দানাদার খাদ্য ১৩ টাকা বেড়ে ৩৯ টাকায় বিক্রি হচ্ছে।
২০২১ সালে ভুসি ৩৯ টাকা, ডালের খোসা ৫৪, চালের খুদ ২৪, দানাদার খাদ্য ৩৩ ও ধানের কুঁড়া ১৩-১৪ টাকা কেজিতে বিক্রি হয়েছে। ২০২০ সালে যথাক্রমে এই মূল্য ছিল ভুসি ৩৫ টাকা, ডালের খোসা ৫০, চালের খুদ ২১, দানাদার খাবার ২৮ ও ধানের কুঁড়া ১০-১১ টাকা।
স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, তারাগঞ্জ ও বদরগঞ্জে ছোট-বড় মিলে প্রায় ২৯৫টি গরুর খামার রয়েছে। এ ছাড়া গৃহপালিত প্রায় আড়াই লাখ গরু কৃষকের ঘরে আছে।
তারাগঞ্জের সয়ার বকসিপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের খামারে ১৪টি গরু আছে। দুধ বিক্রির আয়ে চলে সংসার। তিনি বলেন, ১০ দিনে পশু খাদ্যের দাম যেভাবে বেড়েছে, তা অকল্পনীয়। পশুর খাবার সরবরাহ নিয়ে খুব বিপদে পড়েছেন। আগে যে পরিমাণ খাবার খাওয়াতেন বর্তমানে তা অর্ধেক করেছেন। এভাবে কম খাওয়ালে পশুর ওজন কমবে। এ অবস্থায় গরু পালন করবেন কি না, তা নিয়ে দ্বিধায় ভুগছেন। তিন বছর আগেও গরুর দুধ ৩৫ টাকা লিটার ছিল, এখনো অনেকটা সেই দামে বিক্রি হচ্ছে বলে দাবি করেন তিনি।
তারাগঞ্জ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক বলেন, হু হু করে পশুখাদ্যের দাম বাড়ছে। গত ১০ দিনের ব্যবধানে যে হারে দাম বেড়েছে তাতে মনে হচ্ছে, খামার করা কিংবা ঘরে গরু-ছাগল পালা অসম্ভব হয়ে পড়বে।
বদরগঞ্জ পৌর বাজারের গোখাদ্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বলেন, বেশি দামে পশুখাদ্য কিনে বেশি দামে বিক্রি করছেন। তাঁদের করার কিছু নেই। গত ১০ দিনে খাদ্যের দাম অনেক বাড়ায় দোকানে তুলনামূলক বিক্রি কমেছে।
কেয়ার ফিডের রংপুর এলাকার বিপণন ব্যবস্থাপক গৌতম কুমার শর্মা বলেন, যুদ্ধের কারণে রাশিয়া ও ইউক্রেন থেকে দেশে গম আসছে না। সয়াবিন, ভুট্টাসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় দানাদার পশুখাদ্যের দাম বেড়েছে।
তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান বলেন, গোখাদ্যের দাম বাড়ায় খামারিরা সমস্যায় পড়েছেন। অনেক খামারি দাম বাড়ার কারণ জানতে চাচ্ছেন। কিন্তু খামারিদের সান্ত্বনা দেওয়া ছাড়া তাঁদের করার কিছু নেই। দাম বাড়া-কমা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ।