গোখাদ্যের দাম বাড়ায় খামারিরা বিপাকে

গরুর খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বাড়লেও দুধের দাম বাড়েনি। অনেকেই এখন গরু বিক্রি করতে শুরু করেছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বাগজান গ্রামের আনিসুর রহমান অন্যের জমি চাষাবাদ করে কোনো রকমে সংসার চালান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা হয়ে পড়েছেন তিনি। তার ওপর বিপাকে পড়েছেন বাড়ির তিনটি গরু নিয়ে। কারণ, নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে ১০ দিনে গোখাদ্যের দাম বেড়ে গেছে।

গত শনিবার আনিসুর রহমান বলেন, ‘সাত দিনের মধ্যে ৪০ টাকা কেজির ভুসি ৫০ টাকা, ৩৫০ টাকা মণ দরের খ্যাড় (খড়) ৫০০ টাকা হয়া গেল। এখন কী কইর‌্যা গরুগুল্যা পালব? এদিকে আবার বাজারের সদাইপত্রের (নিত্য খাদ্যপণ্যের) দামও আগুন হয়া গেছে। এ অবস্থায় গরুগুল্যাক খাওয়াব কী কইর‌্যা।’

গোখাদ্যের দাম বাড়ার কারণে আনিসুরের মতো বেড়া ও সাঁথিয়ার গরুর খামারিরা বিপাকে পড়েছেন। তাঁরা বলছেন, গোখাদ্যের দাম বাড়লেও দুধের দাম বাড়েনি। এ অবস্থায় গরুগুলো গলার কাঁটা হয়ে উঠেছে। অনেকে এখন গরু বিক্রি করে দিচ্ছেন।

খামারি ও গোখাদ্য ব্যবসায়ীরা গতকাল বুধবার বলেন, দিন দশেকের ব্যবধানে ৪০ টাকা কেজি দরের গম ও অ্যাংকর ডালের ভুসি ৫৭ টাকা, ৪৫ টাকা কেজি দরের খেসারির ভুসি ৫৫ টাকা, ৩৪ টাকা কেজি দরের মসুরির ভুসি ৪২ টাকা, ১১ টাকা কেজি দরের ধানের গুঁড়া ১৫ টাকা হয়ে গেছে। গরু পালনকারীরা সবচেয়ে বিপাকে পড়েছেন মূল গোখাদ্য খড় কিনতে গিয়ে। কয়েক দিন আগেও ৩৫০ টাকা মণ খড় বিক্রি হতো। এখন সেই খড়ের দাম হয়েছে ৫০০ টাকা। তা-ও ঠিকমতো পাওয়া যাচ্ছে না।

সাঁথিয়ার আমাইকোলা গ্রামের খামারি মাসুদ শেখ বলেন, ‘এমনিতেই খড় আর ভুসির দামে আমরা দিশেহারা হয়া পড়ছি। তার ওপর বাজারে এখন ভালো ভুসি পাওয়াই মুশকিল হয়া গেছে। ৩৭ কেজির ভুসির বস্তায় দুই থেকে তিন কেজি করে এবং এক মণ খড়ে চার থেকে পাঁচ কেজি করে ওজন কম দেওয়া হচ্ছে।’

খামারিদের অভিযোগ, প্রতি বস্তায় ৩৭ কেজি করে ভুসি থাকার কথা। কিন্তু একশ্রেণির অসাধু ব্যবসায়ী দুই থেকে তিন কেজি করে ভুসি কম দিচ্ছেন। এসব ব্যবসায়ীর দোকানে সেলাই মেশিন আছে। তাঁরা ৩৭ কেজি ওজনের প্লাস্টিকের বস্তা থেকে দুই থেকে চার কেজি ভুসি বের করে তা নতুন করে সেলাই করে দেন।

আবার কোনো কোনো ব্যবসায়ী ওজন সঠিক দেখানোর জন্য বের করে নেওয়া ভুসির পরিবর্তে তুষ, পচা আটা, ধানের গুঁড়াসহ বিভিন্ন ধরনের ভেজাল মিশিয়ে দেন। খামারিরা বস্তাগুলোতে নিখুঁত সেলাই ও লেবেল দেখে তা ভালো ভুসি মনে করে কিনে নিয়ে যান। এ ছাড়া খড় কিনতে গিয়েও খামারিরা প্রতারিত হচ্ছেন। খড় বিক্রেতারা প্রতি মণে পাঁচ থেকে আট কেজি করে ওজন কম দিচ্ছেন।

বেড়া ও সাঁথিয়ার কয়েকটি খড় বিক্রির স্থান ঘুরে দেখা গেছে, খড় ওজন করার কোনো ব্যবস্থা নেই। অনুমানের ভিত্তিতে বিক্রেতারা খড়ের বোঝা তৈরি করে তা খামারিদের কাছে মণ হিসেবে বুঝিয়ে দিচ্ছেন।

সাঁথিয়ার করমজা বাজারের খড় বিক্রেতা আবদুল আউয়াল বলেন, অনুমানের ভিত্তিতে খড়ের বোঝা বানিয়ে বিক্রি হলেও ওজন ঠিকই দেওয়া হয়। আর কয়েক দিনের বৃষ্টিতে অনেক জায়গায় খড় নষ্ট হয়ে গেছে। মোকামে গিয়েও খড় পাওয়া যাচ্ছে না। ফলে দাম বেড়েই চলেছে।

গোখাদ্যের দামে দিশাহারা হয়ে গতকাল খামারে থাকা ১২টি গরুই বিক্রি করে দিয়েছেন বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার খামারি আবুল মোমিন। তিনি বলেন, ‘ঈদের আগে এক কেজি গমের ভুসির দাম ছিল ৩৫ টাকা। ঈদের তিন-চার দিন পর সেই ভুসির দাম হয়া গেল ৪০ টাকা। দাম বাড়তি বাড়তি আইজক্যা গমের ভুসির দাম ৫৭ টাকা হয়া গেল। একই হারে অন্য গোখাদ্যের দামও বাইড়্যা গেছে। তাই বাধ্য হয়া খামারের সব গরুই আইজ বেইচ্যা দিল্যাম।’

জাতীয় পুরস্কারপ্রাপ্ত বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার খামারি মাহফুজা মীনা বলেন, তাঁর খামারে মোট ৬৫টি গরু আছে। প্রতিদিন ৩০০ লিটারের মতো দুধ হয়। এই দুধের দাম তিন-চার বছর আগে (প্রতি লিটার ৪৫ টাকা) যেমন ছিল, এখনো তেমনই আছে। অথচ গোখাদ্যের দাম এই কয়েক বছরে দু-তিন গুণ বেড়েছে। গোখাদ্যের দাম বাড়ায় এখন প্রতি মাসে এক লাখ টাকা লোকসান যাচ্ছে।

সাঁথিয়ার ইউএনও এস এম জামাল আহমেদ বলেন, ভেজাল গোখাদ্য ও ওজনে কম দেওয়ার ব্যাপারে কিছু অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে খোঁজ নিতে বলা হয়েছে। প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।