গোদাগাড়ীতে তরমুজের দোকানে ঢুকে পড়ল কয়লার ট্রাক, আহত ৩
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তরমুজের দোকানে ঢুকে পড়ায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজবাড়ীহাট এরাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ট্রাকটি রাজাবাড়ীহাট এলাকায় মসজিদের সামনে এসে হঠাৎ করেই সড়ক থেকে নেমে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান, দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশে বসে কাজ করা এক মুচি ও এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে একটি তরমুজের দোকানে ঢুকে যায়। এতে ভ্যানচালক, মুচি ও সাইকেল আরোহী ছাত্র গুরুতর আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
রাজাবাড়ীহাট গ্রামের বাসিন্দা আবদুর রউফ জানান, তরমুজের দোকানটির বিক্রেতার নাম শ্রী শুকচাঁদ। তাঁর দোকানে ১ হাজার ২০০ তরমুজ ছিল। সেগুলোর দাম প্রায় দেড় লাখ টাকা। তাঁরা এ নিয়ে ট্রাকমালিকের সঙ্গে আপসে বসেছিলেন। কিন্তু পুলিশ এসে তরমুজের দোকান থেকে ট্রাক জব্দ করেছে। এ জন্য তাঁরা বিষয়টি মীমাংসা করতে পারেননি।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরে তরমুজের দোকানি দাবি করেছেন, তাঁর ১২০০ তরমুজ নষ্ট হয়েছে। আসলে এত তরমুজ নষ্ট হয়নি। যাঁরা আহত হয়েছেন, তাঁরাও ক্ষতিপূরণ চাচ্ছেন। এ কারণে ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। এখন এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।