গোদাগাড়ীতে মাদক মামলায় কৃষক লীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক কৃষক লীগ নেতাকে মাদক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাঁকেসহ এক নারীকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন গোদাগাড়ী উপজেলার কামিরপাড়া গ্রামের রুহুল আমিন (৩৫) ও সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল বাজার এলাকার এক নারী। রুহুল আমিন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সোমবার বিকেলে রাজশাহী নগরের শিরোইল এলাকায় ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন কৃষক লীগ নেতা রুহুল আমিন ও ওই নারী। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে রুহুলের কাছ থেকে ৪০ গ্রাম ও ওই নারীর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন জব্দ করে। হেরোইন বহন করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মণ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।