গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে একে একে সরে দাঁড়ানোর ঘোষণা ৯ মেয়র প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন দিদারুল ইসলাম। সোমবার রাতে
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. দিদারুল ইসলাম। গতকাল সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। হাতপাখা প্রতীক নিয়ে তিনি নির্বাচনের মাঠে ছিলেন।

এ নিয়ে পৌরসভা নির্বাচনে ১০ জন মেয়র প্রার্থীর মধ্যে একে একে ৯ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। বর্তমানে নারকেলগাছ প্রতীক নিয়ে একমাত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন শেখ রকিব হোসেন।

সংবাদ সম্মেলনে দিদারুল ইসলাম বলেন, ‘আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়ে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন শেখ পরিবারের সন্তান। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সম্মানার্থে আমি পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সঙ্গে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে তাঁর প্রতীক নারকেলগাছে ভোট দেওয়ার জন্য আমার কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলমসহ কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

এর আগে শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে আটজন মেয়র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁরা হলেন মৃণাল কান্তি রায় চৌধুরী, জি এম সাহাব উদ্দিন, রেজাউল হক সিকদার, দিলীপ কুমার সাহা, আবুল ফত্তাহ, এস এম নজরুল ইসলাম, কাজী লিয়াকত আলী ও মুশফিকুর রহমান।

১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে গোপালগঞ্জ পৌর নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্যা বলেন, ১১ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন দাখিল করেছিলেন। প্রার্থিতা প্রত্যহারের শেষ দিন পর্যন্ত একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকি দশ প্রার্থীদের মধ্যে নয়জন অনানুষ্ঠানিকভাবে নারকেল গাছ প্রতীকের প্রার্থীকে সমথর্ন দিয়ে নির্বাচন থেকে দাঁড়িয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের যে সময়সীমা ছিল, ওই সময়ের মধ্যে প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করলে ইভিএম-এ তাঁদের প্রতীক ও নাম থাকত না। এখন অন্য নয় প্রার্থীর প্রতীক এবং নাম ইভিএম-এ থাকবে।