গোপালগঞ্জ সদরের ইউএনওর করোনা শনাক্ত
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার সকালে তাঁর করোনা শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আছাদুজ্জামান হওলাদার বলেন, গত মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁর করোনা শনাক্ত হয়েছে। এরপর থেকে তিনি তাঁর সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।
সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুপারুল আলম টি কে বলেন, করোনা সংক্রমণ শুরুর পর থেকে ইউএনও নিরলসভাবে সরকারি সব কাজ করেছেন। কর্মহীন ও অসহায় মানুষকে খাদ্যসহায়তা দিয়েছেন। ছুটে গেছেন ইউনিয়ন থেকে ইউনিয়নে। জনসচেতনতা সৃষ্টি ও করোনা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। করোনা রোগী শনাক্ত হলেই বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের বাড়িঘর লকডাউন করেছেন। এসব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তিনি নিজেই এবার করোনা সংক্রমিত হলেন।
এ বিষয়ে ইউএনও সাদিকুর রহমান খান বলেন, ‘চিকিৎসকের পরামর্শে আমার সরকারি বাসভবনে চিকিৎসা নিচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’