গোপালগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১১ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৪ জন, টুঙ্গিপাড়ায় ৭ জন, মুকসুদপুরে ৮ জন, কোটালীপাড়ায় ৬ জন ও কাশিয়ানিতে দুজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, এ পর্যন্ত ৫ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৬৪ জন, কাশিয়ানীতে ১৪২ জন, গোপালগঞ্জ সদরে ১৮৭ জন, টুঙ্গিপাড়ায় ১০৮ জন ও কোটালীপাড়া উপজেলায় ১১০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আছেন ৫৯ জন।