গোপালগঞ্জে কোভিডে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

গোপালগঞ্জে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ২১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
সংক্রমিত ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্ত ৫০৪ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৯ জন। জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন। গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯ জন।
সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৭ জন, মুকসুদপুরে ৩ জন, কোটালীপাড়ায় ৮ জন ও টুঙ্গিপাড়ায় ৩ জন আছেন। সিভিল সার্জন জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ৪ হাজার ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১২৮ জন, কাশিয়ানীতে ১২০ জন, গোপালগঞ্জ সদরে ১১১ জন, টুঙ্গিপাড়ায় ৬৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আছেন ৪৪ জন।