গোপালগঞ্জে চাচা-ভাতিজার হাত-পায়ের রগ কেটে দিল প্রতিপক্ষ
গোপালগঞ্জ সদর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের দুজনের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিদের প্রথমে গোপালগঞ্জের ২০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সুকতাইল ইউনিয়নের জয়নগর গ্রামে মধুমতি নদীর তীরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন অহিদ শেখ (৩৫) ও তাঁর চাচা হাসমত আলী শেখ (৬০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের লিটু শেখ ও ওলিয়ার সিকদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সন্ধ্যায় লিটু শেখের লোকজন ওলিয়ার সিকদারের লোকের ওপর হামলা করেন।
অহিদ শেখ ও হাসমত আলী শেখ নামের দুই রোগীর হাত ও পায়ের রগ কাটা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন ছিল।
আহত অহিদ শেখের চাচাতো ভাই মহিউদ্দিন শেখ বলেন, গতকাল সন্ধ্যার দিকে অহিদ শেখ ও তাঁর চাচা আবদুল হাসমত আলী শেখ জয়নগর বাজারের দিকে যাচ্ছিলেন। গ্রামের ইটভাটার কাছে পৌঁছালে তাঁদের ওপর লিটু শেখের লোকজন হামলা চালান। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে মারাত্মক আহত করেন। অহিদ শেখের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয় এবং মাথায় কুপিয়ে আহত করা হয়। হাসমত আলী শেখেরও এক পায়ের রগ কেটে দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে সবাইকে শান্ত করে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা বিচিত্র কুমার বিশ্বাস বলেন, গতকাল সন্ধ্যায় অহিদ শেখ ও হাসমত আলী শেখ নামের দুই রোগীকে হাসপাতালে আনা হয়। তাঁদের হাত ও পায়ের রগ কাটা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমার ইউনিয়নের জয়নগর এলাকায় ২০১২ সালে আকবার সিকদার ও ২০১৪ সালে আবদুল্লাহ শেখ নামে দুই ব্যক্তি খুন হন। এ নিয়ে ওই এলাকায় বিরোধ চলে আসছে। চরের জায়গা দখল নিয়ে সম্ভবত এ বিরোধের সূত্রপাত। আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ওই এলাকার এ সমস্যা স্থায়ীভাবে সমাধান করা। আমি মাত্র কয়েক দিন হলো পরিষদে বসেছি। আশা করছি, আহত ব্যক্তিরা সুস্থ হয়ে ফিরে এলে আমরা এটার স্থায়ী সমাধানের চেষ্টা করব।’
অভিযোগের বিষয়ে জানতে লিটু শেখের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাব্বির রহমান বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।