গোপালগঞ্জে তিনটি ইউনিয়নে লকডাউন মানছে না জনসাধারণ
গোপালগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়নের ২৮ মে থেকে ঘোষণা করা হয়েছে লকডাউন। ইউনিয়ন তিনটি হলো বৌলতলী, সাহাপুর ও সাতপাড়ের একাংশ। ইউনিয়ন তিনটিতে আজ শনিবার লকডাউনের নবম দিন চলেছে। তবে সরেজমিন সেখানে লকডাউন পালন লোকজনের অনীহা দেখা যায়। অধিকাংশ লোকই স্বাস্থ্যবিধি মানছেন না।
এই তিন ইউনিয়নে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অনেকে আবার বিনা প্রয়োজনে আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে। বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা চললেও সকালে বৌলতলী বাজার এলাকায় ক্রেতাদের উপস্থিতি ছিলে চোখে পড়ার মতো।
এই তিন ইউনিয়নে সংক্রমণের গড় হার ২৩ শতাংশ। বিপরীতে জেলায় চলতি মাসে শনাক্তের গড় হার ৪ দশমিক ৫ শতাংশ। গত মে মাসে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২ শতাংশ। এপ্রিল মাসে শনাক্তের হার ছিল ১৪ দশমিক শূন্য ১ শতাংশ। গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাকিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৌলতলী ইউনিয়নের বৌলতলী বাজার, কৃষ্ণপুর বাজার, গান্দিয়াসুর বাজার, খেয়াঘাট, সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি বাজার, ঘোষালকান্দি বাজার, টুঠামান্দ্রা মোড়সহ বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রয়েছে এবং লোকজন স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করছেন। তবে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের গাড়ি কয়েকবার ঘোরাফেরা করতে দেখা গেছে।
ঘোষালকান্দি গ্রামের সুদেব সরকার বলেন, ‘প্রশাসন আমাদের ভালোর জন্যই লকডাউন দিয়েছে। কিন্তু সাধারণ জনগণ সচেতন না হলে লকডাউন কার্যকর করা সহজ হয় না। পাড়া–মহল্লার মোড় ও ছোটখাটো বাজারগুলোতে স্বাস্থ্যবিধি আগের মতোই লঙ্ঘিত হচ্ছে। এর জন্য প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভারতীয় ভেরিয়েন্ট আতঙ্কে আছি, কারণ এই এলাকার লোক অবৈধভাবে ভারতে যাতায়াত করেন। এই মহামারির মধ্যেও এই এলাকায় অন্তত ১০ জন লোক অবৈধভাবে ভারতে গিয়ে আবার চলে এসেছেন। তাঁরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করছেন। লকডাউনও মানছেন না।’
এদিকে বৌলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামের মানুষ যাতে অন্যত্র যাতায়াত করতে না পারে এবং অন্য এলাকা থেকে লোক সেখানে না আসতে পারে, সে জন্য গান্ধিয়াশুর-তেলিভিটা ঘাটের নৌকা চলাচল বন্ধ রাখা হয়েছিল। অথচ ওই এলাকায় গিয়ে দেখা যায়, নারীরা নৌকা চালিয়ে পারাপার হচ্ছেন। তেলিভিটা গ্রামের গৃহবধূ মালতী রানী বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমরা এভাবে ঘরে বসে থাকতে পারি না। আমাদের কাজ করে সংসার চালাতে হয়। তা ছাড়া বাজার না করলে খাব কী? আমাদের এখানে তো বাজার নেই। বাজার করতে হলে নদীর ওই পাড়ে যেতে হবে।’
গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক কর্মকর্তা সাকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের হাসপাতালে করোনার জন্য ১ শয্যা রয়েছে। এখানে ৮ জন রোগী ভর্তি আছেন। এখানে কেন্দ্রীয় অক্সিজেনসহ প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা রয়েছে।’