গোপালগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

গোপালগঞ্জ সদরে পুকুর থেকে গাউজ দাড়িয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঠি ইউনিয়নের খানারপাড় গ্রামের বাদশা শেখের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত গাউজ দাড়িয়া খানারপড় গ্রামের আজিম দাড়িয়ার বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশে মুদি দোকান চালাতেন

নিহতের বাবা আজিম দাড়িয়া বলেন, ‘গাউজ প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে বাড়ির পাশে দোকানে ঘুমিয়ে ছিল। আজ সকাল ৬টার দিকে আমার স্ত্রী দোকানে গিয়ে দরজা খোলা দেখতে পান। সেখানে গাউজকে না পেয়ে তাঁকে খুঁজতে থাকেন। পরে বাদশা শেখের বাড়ির পাশের পুকুরে তাঁর লাশ ভাসতে দেখি। পুলিশকে খবর দিই।’

পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাউজ দাড়িয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন দেখা গেছে।

নিহতের ভাই শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে গ্রামের কাইয়ূম মোল্লার ছেলের ঝগড়া হয়। এর আগেও একবার তাঁর সঙ্গে ঝগড়া হয়েছিল। তখন আমার আব্বা মীমাংসা করে দিয়েছিলেন। আমাদের ধারণা, ওই বিবাদের কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই।’

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে পুলিশ রহস্য উদ্‌ঘাটনের ব্যাপারে আশাবাদী।