গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে জসিম কাজী (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন হাফিজুর রহমান নামের একজন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম কাজী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফলসী বাজারের মুদি ব্যবসায়ী ও নিজামকান্দি গ্রামের বাসিন্দা। আহত হাফিজুর রহমান নিহত জসিমের বোন জামাই।

গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজগর আলী বলেন, বোন জামাই হাফিজুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে নিজ বাড়ী কাশিয়ানীর নিজামকান্দি গ্রামে যাচ্ছিলেন জসিম কাজী। মোটরসাইকেলটি চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত হাফিজুরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।